স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ফলাফল পুনর্মূল্যায়নসহ বিভিন্ন দাবিতে গতকাল রোববার গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক ঘেরাও করেন ফেল করা শিক্ষার্থীরা। তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ১৭-১৮টি যানবাহন ভাঙচুর করেন। পুলিশ লাঠিপেটা করে, কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে কমপক্ষে ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।একই দাবিতে গতকাল গাজীপুরের টঙ্গী, ফরিদপুর এবং কিশোরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।গ্রেড পদ্ধতিতে সদ্য প্রকাশিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন স্নাতক (সম্মান) প্রথম বর্ষের পরীক্ষায় ৪৬ শতাংশ শিক্ষার্থী অনুত্তীর্ণ হয়েছেন। এ জন্য অনুত্তীর্ণ শিক্ষার্থীরা কয়েক দিন ধরে ফলাফল পুনর্মূল্যায়ন করে দ্বিতীয় বর্ষে ওঠার সুযোগ দেওয়ার দাবিতে বিক্ষোভ করছেন।শিক্ষার্থী, পুলিশ ও স্থানীয় লোকজন জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ঢাকা, গাজীপুর ও টঙ্গীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা বেলা ১১টার দিকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক ঘেরাও করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কের উভয় দিকে প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে জয়দেবপুর থানার পুলিশ ও রিজার্ভ পুলিশ ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার আহ্বান জানায়। কিন্তু শিক্ষার্থীরা অবরোধ করতে থাকেন। একপর্যায়ে উত্তেজিত শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের ব্যবহূত চারটি বাস, একটি মাইক্রোবাস, একটি প্রাইভেট কার ও মহাসড়কের ওপর ১০-১২টি যাত্রীবাহী বাসের গ্লাস ভাঙচুর করেন। জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. গোলাম মোস্তফা জানান, শিক্ষার্থীরা যানবাহন ভাঙচুর শুরু করলে পুলিশ লাঠিপেটা করে এবং কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। শিক্ষার্থীরা মহাসড়ক থেকে সরে গেলে বেলা একটার দিকে যানবাহন চলাচল শুরু হয়।জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ফায়জুল করিম জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুই বছর আগে ২০১০-১১ সেশন থেকে ডিভিশন পদ্ধতি পরিবর্তন করে গ্রেডিং সিস্টেম চালু করে। ওই পদ্ধতিতে পাঠ্যসূচি তৈরি করে শিক্ষার্থী ভর্তি করানো হয়। শিক্ষার্থীরা ওই নিয়ম জেনেই ভর্তি হয়েছেন। বর্তমান নিয়মে কোনো একটি বিষয়ে অনুত্তীর্ণ বা ফলাফল ১ দশমিক ৭৫ পয়েন্টের নিচে নেমে এলে কোনো শিক্ষার্থীকে পরবর্তী বর্ষে ভর্তি করানো হবে না।বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মুনাজ আহমেদ নূর সাংবাদিকদের জানান, ‘শিক্ষার্থীদের দাবির বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের বৈঠকে আলোচনা করা হবে।’ টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি জানান, ফলাফল পুনর্মূল্যায়নের দাবিতে টঙ্গী সরকারি কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শতাধিক ছাত্রছাত্রী গতকাল সকাল ১০টায় চেরাগআলীতে অবস্থিত টঙ্গী প্রেসক্লাবের সামনের রাস্তায় মানববন্ধন করেন।শিক্ষার্থী মো. আমিনুর রহমান বলেন, ‘নতুন পদ্ধতির গ্যাঁড়াকলে পড়ে আমরা পাস করিনি। ফলাফল পুনর্বিবেচনা না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে।’ পরে সাড়ে ১০টায় শিক্ষার্থীরা বাস ভাড়া করে জাতীয় বিশ্ববিদ্যালয় ঘেরাও করার উদ্দেশ্যে এখান থেকে চলে যান। একই দাবিতে গতকাল বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ শহরের কয়েকটি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ ও সমাবেশ করেন। ফরিদপুর শহরে সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থীরা মিছিল, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে সাত দফা দাবি জানান।