জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুতদের নতুন কর্মসূচি ঘোষণা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সদ্য চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা আমরণ অনশনসহ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। এ কর্মসূচির সময় পরে জানানো হবে। চাকরিচ্যুতির সিদ্ধান্ত বাতিলসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তাঁরা অবস্থান ধর্মঘট পালন করছেন।ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল বুধবার চাকরি রক্ষা কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন কমিটির আহ্বায়ক নুরুল আমীন, মীর মঞ্জুর মাহমুদ, মিয়া হোসেন, সাহাবউদ্দিন আহম্মদ প্রমুখ।নতুন কর্মসূচির মধ্যে রয়েছে—সাংবাদিক, শিক্ষাবিদ ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময়; কালো ব্যাজ ধারণ; ঢাকায় মৌন মিছিল; মাথায় কাফনের কাপড় বেঁধে অবস্থান ধর্মঘট; ঢাকা ও গাজীপুরে মানববন্ধন; চ্যান্সেলর, প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি এবং আমরণ অনশন।সংবাদ সম্মেলনে কমিটির নেতারা বলেন, কর্মসূচির স্থানের বিষয়ে অনুমতি পাওয়ার পর সময় জানিয়ে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিবাদী হিসেবে মামলায় অংশগ্রহণ না করায় একতরফাভাবে রায় হয়েছে। কর্মসূচির পাশাপাশি তাঁরা আইনি লড়াইও চালাবেন। তাঁরা বলেন, তাঁরা বৈধভাবেই নিয়োগ পেয়েছেন। বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনার জন্য তাঁরা কর্তৃপক্ষ ও সরকারের প্রতি দাবি জানান।চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা গতকাল চতুর্থ দিনের মতো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান ধর্মঘট ও সমাবেশ করেন।গত ২৩ আগস্ট হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় চারদলীয় জোট সরকারের আমলে নিয়োগ পাওয়া আট শতাধিক কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত হয়। তাঁরা ২০০৩ সালের ১৭ নভেম্বর থেকে ২০০৪ সালের ৩১ আগস্ট পর্যন্ত সময়ে নিয়োগ পেয়েছিলেন।