জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ঠেকাল একটি প্রতিষ্ঠান?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো নিয়মকানুন না মানায় প্রতিষ্ঠানটির অধিভুক্তি বাতিলের জন্য তিন বছর আগে মামলা করে জাতীয় বিশ্ববিদ্যালয়। সেই মামলা এখনো বিচারাধীন। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, এই প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী এবার পরীক্ষার ফরম পূরণ করেননি। অথচ ওই প্রতিষ্ঠানটিই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ঠেকিয়ে দিয়েছে।
গতকাল রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ডিপ্লোমা কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মামলার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় সেই পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয়েছে। প্রতিষ্ঠানটির নাম এসবি সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ।
জানতে চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মশিউর রহমান প্রথম আলোকে বলেন, নিয়ম না মানায় প্রতিষ্ঠানটির অধিভুক্তি বাতিলের জন্য তিন বছর আগে আদালতে মামলা করা হয়। প্রতিষ্ঠানটিতে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ের ডিপ্লোমা কোর্সের ২৫০ জন শিক্ষার্থীর আসন ছিল। কিন্তু প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রতিবছর ৫০০ জনকে পরীক্ষা দেওয়াতেন। নিয়ম অনুযায়ী, এখন অনলাইনে শিক্ষার্থীদের ভর্তি করতে হয়। কিন্তু ওই প্রতিষ্ঠান কোনো শিক্ষার্থীকে অনলাইনে ভর্তি করেনি। ফরম পূরণও করেনি। মাস দেড়েক আগে পরীক্ষার তারিখ ঘোষণা করা হলে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আদালতে রিট করেন। আদালত নির্দেশ দেন, ওই প্রতিষ্ঠানে ২৫০ শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হোক। কিন্তু অধ্যক্ষ ৫০০ জনকে পরীক্ষা দেওয়ানোর অবস্থানে অনড় থাকেন। তিনি (অধ্যক্ষ) পাঁচ শিক্ষার্থীর ফরম পূরণের টাকা জমা দেওয়ার ব্যাংক ড্রাফটের একটি ফটোকপি তাঁকে (সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক) দেখান। কিন্তু এখন এভাবে টাকা জমা দেওয়ার আর সুযোগ নেই। সবকিছু অনলাইনের মাধ্যমে হয়। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টার পরামর্শে পরীক্ষাটি স্থগিত করা হয়।
মশিউর রহমান আরও বলেন, প্রতিষ্ঠানটি আইনের দোহাই দিয়ে সারা দেশের শিক্ষার্থীদের হয়রানির মধ্যে ফেলেছে। আগামী সাত দিনের মধ্যে প্রতিষ্ঠানটি যদি শিক্ষার্থীদের ফরম পূরণ করতে পারে, তাহলে এবারও জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের বিবেচনা করবে। এরপর জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ে নেবে।
সারা দেশের নয়টি জেলায় ২ হাজার ৬০০ শিক্ষার্থীর এই বিষয়ে পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। এর মধ্যে রাজশাহীতে রয়েছেন ২৭৩ জন শিক্ষার্থী। হঠাৎ পরীক্ষা স্থগিত করার কারণে তাঁরা হয়রানির শিকার হয়েছেন।
বগুড়া শহরের সুবিল ব্রিজের পাশে জীবনবিমা ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় ভাড়া নিয়ে চলছে ওই কলেজ। ষষ্ঠ তলায় কাচঘেরা দুটি শ্রেণিকক্ষ। একটিতে ১৩০ জন ও অপরটিতে ৩৫ জন শিক্ষার্থীর বসার ব্যবস্থা রয়েছে। পঞ্চম তলার এক পাশের অর্ধেক জায়গায় কাচ দিয়ে ঘেরা কার্যালয়। অন্য পাশে ছোট ছোট তিনটি কক্ষে ৭০ থেকে ৮০ জনের বসার ব্যবস্থা রয়েছে। ক্যাম্পাস বলতে এই। অথচ এখানে এসবি (সেভেন ব্রাদার্স) সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ, বগুড়া টিএইচ বিপিএড কলেজ, শহীদ মোনায়েম হোসেন বিএড কলেজ, চারুকলা ডিপ্লোমা ইনস্টিটিউট, নুরুল ইসলাম-আকলিমা প্যারামেডিকেল কলেজ, সিএসইসি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কলেজ, একাডেমিক অ্যান্ড প্রফেশনাল ইনস্টিটিউট (এপি), মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলসহ (ম্যাটস) ডজন খানেক প্রতিষ্ঠানের কার্যক্রম চলে বলে সাইনবোর্ড ঝোলানো রয়েছে। সব প্রতিষ্ঠানের মালিক নূরুল ইসলাম। এসব প্রতিষ্ঠানে মোটা অঙ্কের ফির বিনিময়ে মিলছে সনদ।
কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, শুধু ডিপ্লোমা ইন গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগে শিক্ষার্থীর সংখ্যা ৪৯৭ জন। প্রত্যেক শিক্ষার্থীদের কাছ থেকে কোর্স ফি আদায় করা হয়েছে ১ লাখ টাকা করে। গতকাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ডিপ্লোমা পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু শনিবার তাঁরা প্রতিষ্ঠানে এসে জানতে পারেন, তাঁদের প্রবেশপত্র আসেনি। শিক্ষার্থীদের অভিযোগ, এখানে কোনো ক্লাস হয়নি। কোনো শিক্ষকও নেই।
এলাকার কয়েকজন বাসিন্দা ও ভুক্তভোগী শিক্ষার্থীরা বলেন, সপ্তাহের প্রতি শুক্রবার শিক্ষার্থীদের পাঠদানের কথা থাকলেও এখানে কোনো ক্লাস হয় না। শিক্ষার্থীরাও বেশির ভাগ কর্মজীবী। সাদিয়া আফরিন নামে একজন শিক্ষার্থী বলেন, কোর্স ফির টাকা আগেই নেওয়া হয়েছে। শনিবার তিনি প্রবেশপত্র সংগ্রহ করতে আসেন। কিন্তু প্রতিষ্ঠানে এসে জানতে পারেন প্রবেশপত্র আসেনি। প্রতিষ্ঠানপ্রধানও লাপাত্তা।
পলিটেকনিক শাখার কনিষ্ঠ ইনস্ট্রাক্টর মামুনুর রশিদ বলেন, নূরুল ইসলাম ঢাকায় আছেন। এখানে নিজস্ব কোনো শিক্ষক নেই। খণ্ডকালীন শিক্ষক দিয়ে ক্লাস নেওয়া হয়। বর্তমানে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানে ৫০০, বিপিএডে ২০০, বিএডে ২০০, চারুকলায় ১০০ এবং পলিটেকনিক শাখায় ১০০ শিক্ষার্থী ভর্তি রয়েছেন। প্রতিটি কোর্সে ৪০ হাজার থেকে ১ লাখ টাকা ফি নেওয়া হয়।
এতসংখ্যক শিক্ষার্থীর পাঠদান কীভাবে হয় জানতে চাইলে উজ্জ্বল হোসেন নামে আরেকজন নিজেকে জুনিয়র ইনস্ট্রাক্টর পরিচয় দিয়ে বলেন, একসঙ্গে তো সব শিক্ষার্থী ক্লাসে আসেন না।
মুঠোফোনে জানতে চাইলে নূরুল ইসলাম বলেন, আইন মেনেই তিনি দেড় যুগ ধরে এই শিক্ষাপ্রতিষ্ঠান চালাচ্ছেন। গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ডিপ্লোমা কোর্সের শিক্ষার্থীদের প্রবেশপত্র জটিলতার কারণেই বিপত্তি দেখা দিয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় নিজের ভুলের কারণেই পরীক্ষা স্থগিত করেছে। তাঁর কারণে নয়।