জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্ধিত ফি প্রত্যাহার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের বর্ধিত ফি প্রত্যাহারের দাবি জানিয়েছেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) রাজশাহী জেলা ও মহানগর শাখার নেতারা। গতকাল শনিবার রাজশাহী নগরের শাহ্ মখদুম কলেজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক রাজ কুমার সরকার। এ সময় জেলার সভাপতি শফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, মহানগর বাকশিসের সভাপতি রইসুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
শিক্ষকনেতারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় স্নাতক (সম্মান) কোর্সে প্রতি বিষয়ে প্রতিবছর চার হাজার টাকার বদলে বর্তমানে প্রতি তিন বছরে ২৫ হাজার টাকা নিচ্ছে। ডিগ্রি পাস কোর্সে চার হাজার টাকার স্থলে প্রতি তিন বছরে ২০ হাজার টাকা নিচ্ছে। এ ছাড়া পাস কোর্সে অধিভুক্তি ফি পাঁচ হাজার টাকার স্থলে ১০ হাজার টাকা করা হয়েছে। সম্মান শ্রেণির প্রতি বিষয়ে আবেদন ফি পাঁচ হাজারের স্থলে ১২ হাজার টাকা করা হয়েছে।
কলেজের উন্নয়নের নামে প্রতিটি কলেজ থেকে বার্ষিক দুই হাজার টাকার স্থলে তিন বছরে সাত হাজার ৫০০ টাকা নেওয়া হচ্ছে। ওই অর্থ কলেজ ও শিক্ষার্থীদের উন্নয়নে ব্যয় করার কথা থাকলেও তা করা হয় না। নেতারা বলেন, অবিলম্বে এসব বর্ধিত ফি প্রত্যাহার করে আগের মতো নির্ধারণ করতে হবে।
শিক্ষকদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে: সেশনজট কমিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফলাফল ৭৫ দিনের মধ্যে প্রকাশ করা, সৃজনশীল পদ্ধতি কার্যকর করতে সব শিক্ষককে প্রশিক্ষণ প্রদান, বিভাগীয় শহরগুলোতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক অফিস চালু ও পরীক্ষার ফরম পূরণ, নিবন্ধন, ডিডি জমা, পরীক্ষার উপকরণসহ সব কাগজ আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে গ্রহণ ও বিতরণ করা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট, সিন্ডিকেটসহ প্রতিটি কমিটিতে শিক্ষার্থীর আনুপাতিক হারে বেসরকারি শিক্ষকদের অন্তর্ভুক্ত করা।
দাবি আদায়ে শিক্ষকনেতারা ১৫ জুলাই রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দেবেন। দাবি না মানা হলে ঈদের পর বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তাঁরা।