জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ ১৩ জনের নামে আরেকটি মামলা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কাজী শহীদুল্লাহসহ ১৩ জনের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হাফিজুর রহমান তাঁর ওপর হামলার মামলায় সাজাপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা দেওয়ার অভিযোগে গতকাল শনিবার জয়দেবপুর থানায় এ মামলা করেন। মামলার অন্য আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: সহ-উপাচার্য তোফায়েল আহমদ চৌধুরী, কোষাধ্যক্ষ কাজী ফারুক আহমেদ, উপ-রেজিস্ট্রার ফাহিমা সুলতানা, সহকারী রেজিস্ট্রার দিলরুবা বেগম, প্রক্টর ও উপরেজিস্ট্রার এইচ এম তায়েহীদ জামাল, সহকারী রেজিস্ট্রার মো. সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও ভারপ্রাপ্ত পরিচালক মোল্লা মাহফুজ আল হোসেন। মামলার ব্যাপারে কথা বলতে উপাচার্য ও সহ-উপাচার্যের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলাটি আগের মতো দুদকে হস্তান্তর করা হচ্ছে। এর আগে গত ২৯ জুন বিভিন্ন অভিযোগে স্থানীয় সাংসদ আ ক ম মোজাম্মেল হক বাদী হয়ে উপাচার্যসহ ওই ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেন।