জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংকট নিরসনে বাজেটে বরাদ্দ বাড়ানোসহ নানা সমস্যার সমাধানে গতকাল সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব ভবনের সামনে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। চট্টগ্রাম শহরের বিভিন্ন কলেজে অধ্যয়নরত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনের সময় বক্তব্য দেন দীপা মজুমদার, মো. জাহেদ, শ্রাবন্তী চাকমা, আয়েনুদ্দিনসহ বেশ কয়েকজন শিক্ষার্থী। তাঁরা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় সেশনজট, ফল প্রকাশে দীর্ঘসূত্রতাসহ নানা সংকটে জর্জরিত। বিশ্ববিদ্যালয়ের আওতাধীন কলেজগুলোতে ছাত্রছাত্রীদের আবাসন, শিক্ষক ও শ্রেণীকক্ষ-সংকটও রয়েছে। এতে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাচ্ছেন। বক্তারা এসব সংকট নিরসনসহ বাজেটে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য বিশেষ বরাদ্দ দাবি করেন। তাঁরা আগামী ৩ জুন জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রীকে স্মারকলিপি দেওয়ারও ঘোষণা দেন।