জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাত কর্মকর্তা-কর্মচারীকে বিভিন্ন মেয়াদে সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকর্মীদের মারধর ও লাঞ্ছিত করার ঘটনায় দায়ের করা মামলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাত কর্মকর্তা ও কর্মচারীকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। গাজীপুরের বিচারিক হাকিম আদালত-১-এর বিচারক রুবাইয়া ইয়াসমিন গতকাল বৃহস্পতিবার এ রায় দেন।দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিদের মধ্যে এমএলএসএস মো. মেহের আলীকে চার বছর এবং সেকশন অফিসার মো. আবু হানিফ খন্দকার, উচ্চমান সহকারী মো. গিয়াস উদ্দিন, এমএলএসএস আফজাল হোসেন, মো. শাহ্ আলম, মো. আতাউর রহমান ও আসাদুজ্জামানকে এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় দেওয়ার সময় আসামিদের কেউ আদালতে উপস্থিত ছিলেন না।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৮ সালের ১৫ অক্টোবর বিকেলে বিশ্ববিদ্যালয়ের গাড়িতে করে ক্যাম্পাস ত্যাগ করার সময় আসামিরা সেকশন অফিসার হাফিজুর রহমানের ওপর চড়াও হয়ে তাঁকে মারধর ও লাঞ্ছিত করেন। তাঁকে রক্ষা করতে গিয়ে গাড়িতে থাকা ভারপ্রাপ্ত ডিন আবু রায়হান, ড. আলমগীর হোসেন, অধ্যাপক সাইফুল ইসলাম ও চালক নূরুল ইসলামও আহত হন। এ ঘটনায় জয়দেবপুর থানায় মামলা করেন ডিন আবু রায়হান।