জাতীয় বৃক্ষমেলায় বেচাকেনায় মন্দা
আর মাত্র দুই দিন পর শেষ হবে জাতীয় বৃক্ষমেলা। কিন্তু বিক্রেতারা বলছেন, গতবারের তুলনায় গাছ ও চারা বিক্রি এবার অনেক কম।
গতকাল বুধবার বিকেলে বৃক্ষমেলায় গিয়ে কথা হলো শরীফ নার্সারির বিক্রেতা জাহাঙ্গীর হোসেনের সঙ্গে। রোজ বিকেলের বৃষ্টিকে এবারের কম বেচাকেনার জন্য দায়ী করলেন তিনি।
রাজধানীর আগারগাঁওয়ে গত ৫ জুন থেকে শুরু হয়েছে বৃক্ষমেলা। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাসব্যাপী মেলার এবারের স্লোগান ‘অধিক বৃক্ষ, অধিক সমৃদ্ধ’।
মেলায় ছোট-বড় মিলিয়ে স্টল ১১০টি। এর মধ্যে সরকারি প্রতিষ্ঠানের স্টল ১৯টি। মেলায় প্রবেশপথেই রয়েছে পরিবেশ ও বন অধিদপ্তরের তথ্যসেবাকেন্দ্র।
কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা অসিম মালিক প্রথম আলোকে জানান, এ পর্যন্ত মেলায় সবচেয়ে দামি গাছ বিক্রি হয়েছে বনসাই। সেটি কৃষিবিদ উপকরণ নার্সারির জিংসেন বনসাই। বিক্রি হয়েছে ৮০ হাজার টাকায়। বরিশাল নার্সারির দেশীয় ফল আমলকীর একটি চারা ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে।
গতকাল পর্যন্ত মেলায় চারা বিক্রি হয়েছে পাঁচ লাখ ৩৪ হাজার ১০০টি। এসব চারার মূল্য তিন কোটি ৭৮ হাজার টাকা।
ঝুমকো লতা, ক্যামেলিয়া, জেসমিন, জুঁই, চামেলি, কামিনী বেশি বিকোচ্ছে। পিছিয়ে নেই ফলের গাছের বাহার। মধু, ওষুধ, বাঁশ-বেতের তৈরি আসবাব ও প্লাস্টিক মাটির তৈজস বিক্রি হচ্ছে।
অর্কিড কিনতে মতিঝিল থেকে বৃক্ষমেলায় এসেছেন ফাইজা হোসেন। তিনি বলেন, ‘দাম বেশি, তবে সবুজ ভালোবাসি বলে কিনে নিলাম। ছোট্ট বনসাই কিনেছি ৫০০ টাকায়।’
মেলায় দেখা যায় পরিবারের হাত ধরে ছোট্ট শিশুরাও ঘুরে ঘুরে গাছ কিনছে। তেমনই একজন ছোট্ট লামিয়া এসেছে বাবা জাকির হোসেনের হাত ধরে। জাকির হোসেন বেলি ফুলের গাছ ১০০ টাকা ও ছোট অর্কিড আড়াই শ টাকায় কিনেছেন। তবে মেয়েকে নানান জাতের ফুল ও ফলের গাছ যেমন রাধাচূড়া, আমেরিকান চেরি, মিসরীয় ডুমুর, লঙ্করবাট কমলালেবুসহ ইত্যাদি চেনাতে তিনি বৃক্ষমেলায় এসেছেন।
মমতাজ হারবাল অ্যান্ড কোম্পানির স্টলে বিশেষভাবে সাজানো জামরুল, জলপাই, নাশপাতি, দারুচিনি, গোলমরিচ, এলাচি, লটকনসহ নানা জাতের চারা। এসবের দাম দেড় শ থেকে পাঁচ শ টাকা পর্যন্ত।
বিক্রেতাদের অভিযোগ, বৃক্ষমেলা নিয়ে প্রচার কম। তাই বেচাকেনায়ও মন্দা।