জাতীয় বেতন ও চাকরি কমিশন গঠন
দেশের ১৩ লাখ সরকারি চাকুরীজীবীর জন্য জাতীয় বেতন ও চাকরি কমিশন, ২০১৩ গঠন করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ গতকাল রোববার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। কমিশন ছয় মাস ২০১৪ সালের ১৭ জুনের মধ্যে সুপারিশসম্বলিত একটি প্রতিবেদন তৈরি করবে।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনকে পূর্ণকালীন সভাপতি করে গঠিত ১৭ সদস্যের কমিশনে তিনজন পূর্ণকালীন সদস্য, ১২জন খণ্ডকালীন সদস্য এবং একজন সদস্য সচিব রয়েছেন। তবে কমিশন প্রয়োজনবোধে খণ্ডকালীন সদস্য কো-অপ্ট করতে পারবে।
কমিশনের পূর্ণকালীন সদস্যরা হলেন দুই সাবেক সচিব মুহম্মদ আবুল কাশেম ও শেখ খুরশীদ আলম এবং সাবেক হিসাব মহানিয়ন্ত্রক মো. সাহাদ চৌধুরী।
খণ্ডকালীন সদস্যরা হলেন-বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চক্ষুবিজ্ঞান বিভাগে অধ্যাপক জাফর খালেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মমতাজউদ্দিন আহমেদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লুত্ফুল হাসান, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিস) জ্যেষ্ঠ গবেষণা ফেলো বিনায়ক সেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মোহাম্মদ রুহুল আমীন, এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, মেট্রো চেম্বারের সাবেক মহাসচিব সি কে হায়দার, ইন্স্যুরেন্স এসোসিয়েশনের সাবেক সভাপতি এ কেএম রফিকুল ইসলাম, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ইমদাদুল হক, আইন বিভাগের যুগ্মসচিব সৈয়দ আমিনুল ইসলাম এবং সশস্ত্র বাহিনীর একজন প্রতিনিধি।
কমিশনের সদস্যসচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. এহসানুল হক। আগামী ১৭ ডিসেম্বর থেকে এ কমিশন কার্যকর।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জাতীয় বেতন কাঠামোর আওতাভুক্ত প্রজাতন্ত্রের সব কর্মকর্তা-কর্মচারীর জন্য বেতন ও চাকরি কমিশন, ২০১৩ গঠন করা হলো।’