প্রস্তাবিত জাতীয় বেতন স্কেল সংশোধনের দাবিতে গতকাল বৃহস্পতিবার দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা মানববন্ধন করেছেন।
বেলা ১১টায় দিনাজপুর-ঢাকা মহাসড়কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির আয়োজনে মানববন্ধন করা হয়।
শিক্ষক সমিতির সদস্যসচিব এ টি এম শফিকুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে সমিতির আহ্বায়ক মো. মিজানুর রহমান, কৃষি অনুষদের ডিন মো. আনিস খান প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, এশিয়ার প্রায় দেশেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল চালু আছে। বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপকদের সিলেকশন গ্রেড বাদ দিয়ে জাতীয় বেতন স্কেল ঘোষণা নিতান্তই অযৌক্তিক। ঘোষণার আগে জাতীয় বেতন স্কেল সংশোধন করে বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপকদের ন্যূনতম সিনিয়র সচিব পদমর্যাদাসম্পন্ন স্কেল দেওয়ার জন্য এবং পরবর্তী ধাপগুলো, যেমন: সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকদের বেতনকাঠামো ক্রমানুসারে নির্ধারণ করতে হবে।