জাতীয় বেতনকাঠামোর স্পষ্টীকরণ নিয়ে পরিপত্র
সরকারি চাকরিজীবীদের মধ্যে অবসরোত্তর ছুটিভোগীদের বেতন নির্ধারণ, সন্তোষজনক চাকরি এবং স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর ধাপ (গ্রেড) পাওয়ার বিষয়ে নতুন পরিপত্র জারি করেছে সরকার।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ গতকাল বুধবার ‘জাতীয় বেতনকাঠামো ২০১৫ স্পষ্টীকরণ’ নামে এ পরিপত্র জারি করে। বিদ্যমান জাতীয় বেতনকাঠামোতে কিছু কিছু ক্ষেত্রে অস্পষ্টতার কারণে এ পরিপত্র জারি করা হয়েছে বলে জানান অর্থ বিভাগের কর্মকর্তারা।
পরিপত্রে বলা হয়েছে, অবসরোত্তর ছুটি (পিআরএল) ভোগরত কর্মচারীরা অবসরোত্তর ছুটির সময় শুধু একটি বর্ধিত বেতন (ইনক্রিমেন্ট) পাবেন, যা কেবল তাঁর পেনশন নির্ধারণের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
সন্তোষজনক চাকরির ব্যাখ্যায় বলা হয়েছে, কর্মচারীদের পদোন্নতিসহ প্রযোজ্য ক্ষেত্রে বর্তমানে যেসব বিধিবিধান অনুসরণ করা হয়, উচ্চতর ধাপে বেতন পাওয়ার ক্ষেত্রেও সেগুলো অনুসরণ করতে হবে। অর্থ বিভাগের একটি সূত্র বলেছে, উচ্চতর ধাপে বেতন পাওয়া কর্মচারীদের ক্ষেত্রে বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর) এবং মামলা থাকলে সে বিষয়ে তথ্য তুলে ধরতে হবে।
স্বয়ংক্রিয় পদোন্নতির ব্যাখ্যায় বলা হয়েছে, বিভাগীয় পদোন্নতি কমিটি (ডিপিসি) ছাড়া প্রযোজ্য ক্ষেত্রে মন্ত্রণালয়ের সচিব/নিয়োগকারী কর্তৃপক্ষ অথবা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার অনুমোদন নিয়ে অফিস আদেশ জারির মাধ্যমে উচ্চতর ধাপ দেওয়ার বিষয়টি নিষ্পত্তি করতে হবে।
উচ্চতর ধাপের প্রাপ্যতা বিষয়ে পরিপত্রে বলা হয়েছে, একই পদে কর্মরত কোনো কর্মচারী দুই বা ততোধিক উচ্চতর স্কেল (টাইম স্কেল বা সিলেকশন গ্রেড) পেয়ে থাকলে তিনি এই অনুচ্ছেদের অধীন উচ্চতর গ্রেড পাবেন না।
টাইম স্কেল বা সিলেকশন গ্রেড—যে নামেই অভিহিত করা হোক না কেন, একই পদে কর্মরত কোনো কর্মচারী একটি মাত্র উচ্চতর স্কেল পেয়ে থাকলে তা পাওয়ার তারিখ থেকে পরবর্তী ছয় বছর পূর্তির পর সপ্তম বছরে পরবর্তী উচ্চতর গ্রেড পাবেন।
এ ছাড়া একই পদে কর্মরত কর্মচারী কোনো প্রকার উচ্চতর স্কেল (টাইম স্কেল বা সিলেকশন গ্রেড) না পেয়ে থাকলে সন্তোষজনক চাকরির শর্তে তিনি ১০ বছর চাকরি পূর্তিতে একাদশ বছরে পরবর্তী উচ্চতর গ্রেড এবং পরবর্তী ৬ বছরে পদোন্নতি না পেলে সপ্তম বছরে পরবর্তী উচ্চতর গ্রেড পাবেন। এ ছাড়া জাতীয় বেতনকাঠামো ২০১৫-এর ৭(১) ও ৭(২)-এ দেওয়া সুবিধা কোনো অবস্থাতেই ২০১৫ সালের ১৫ ডিসেম্বরের আগে দেওয়া যাবে না।