জাতীয় ব্লাইন্ড ক্রিকেটে চ্যাম্পিয়ন কক্সবাজার
বাংলাদেশ জাতীয় ব্লাইন্ড টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় কক্সবাজার চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম নগরের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে কক্সবাজার জেলা দল ৭ উইকেটে চট্টগ্রাম জেলা দলকে হারায়।
বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের আয়োজনে ছয়টি দলের অংশগ্রহণে গত শুক্রবার থেকে চট্টগ্রামে এই প্রতিযোগিতা শুরু হয়।
গতকাল ফাইনালে প্রথমে ব্যাট করে চট্টগ্রাম ২০ ওভারে ৭ উইকেটে ১৬২ রান করে। জবাবে কক্সবাজার ১৮ দশমিক ৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। কক্সবাজারের জোবায়ের অপরাজিত ৬৩ রান করে ম্যান অব দ্য ম্যাচ হন।
প্রতিযোগিতায় সর্বোচ্চ ৩১৫ রান করে ম্যান অব দ্য সিরিজ ও সেরা ব্যাটসম্যান হয়েছেন চট্টগ্রামের আরিফ। সেরা বোলার হয়েছেন ঢাকার মো. মালিক।
খেলা শেষে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিযোগিতার পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান বড়তাকিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ মোর্শেদ, বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের জ্যেষ্ঠ সহসভাপতি দিদারুল আলম চৌধুরী প্রমুখ।