জাতীয় ভলিবল দলের অধিনায়ক আল-জাবীরকে সংবর্ধনা
জাতীয় দলের ক্রিকেটার সৌম্য ও মোস্তাফিজের বাড়ি সাতক্ষীরায়। জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক সাবিনার বাড়িও এ জেলায়। তাঁরা এখানে এলে যেন হুলুস্থুল পড়ে যায়। সংবর্ধনা দেওয়া হয় বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে। জাতীয় ভলিবল দলের অধিনায়ক সাঈদ আল-জাবীরকে ঘিরে গতকাল শুক্রবার সাতক্ষীরায় উচ্ছ্বাসের কমতি ছিল না।
সাঈদ আল-জাবীরের বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া গ্রামে। সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে গতকাল তাঁকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তিনি এই বিদ্যালয়ে পড়ালেখা করেছেন।
উড়োজাহাজে করে গতকাল সকালে ঢাকা থেকে যশোরে নামেন আল-জাবীর। সেখান থেকে প্রাইভেট কারে করে তিনি আসেন কলারোয়ায়। বিকেল চারটায় যান সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে। এ সময় তাঁকে বাদ্য বাজিয়ে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। জি এম মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনিসুর রহমান। আল-জাবীর বলেন, ‘প্রতিযোগিতামূলক খেলায় ট্রফি জয়ে যেমন আনন্দ পাই, তেমনি এই সংবর্ধনা আর এত মানুষের ভালোবাসায় তেমন আনন্দ পেয়েছি।’