জাতীয় মানবাধিকার কমিশনের উদ্বেগ জড়িতদের শাস্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুকে রিমান্ডে নেওয়া ও হাতকড়া পরানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। কমিশন জড়িত ব্যক্তিদের তদন্ত সাপেক্ষে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করার সুপারিশ করেছে। একই দাবি জানিয়েছে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম।

গতকাল সোমবার প্রথম আলোতে ‘শিশু রিমান্ডে, হাতে হাতকড়া’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের কথা উল্লেখ করে সংগঠন দুটি এ দাবি জানায়।

জাতীয় মানবাধিকার কমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাতকড়া পরিয়ে শিশুদের আদালতে নিয়ে আসা শিশু অধিকারের চরম লঙ্ঘন। শিশু আইন অনুযায়ী, কোনোভাবে দাগি অপরাধীর সঙ্গে শিশুদের বিচারকাজ পরিচালনা করা যাবে না। এই দুই শিশুর ক্ষেত্রে আইনের ব্যত্যয় ঘটেছে।

আর শিশু অধিকার ফোরাম বলেছে, বেশ কিছুদিন ধরে গণমাধ্যমে শিশু নির্যাতন ও হত্যাকাণ্ডের মর্মান্তিক চিত্র উঠে আসছে। এসব ঘটনা সমাজে শিশুদের অসহায় অবস্থার সার্বিক চিত্রটা তুলে ধরছে।

গত রোববার সকালে দুই শিশু রবিন আলী (১৬) ও সাগর শেখকে (১২) হাতকড়া পরিয়ে ঢাকার দায়রা জজ আদালতে হাজির করে পুলিশ। তাদের গত ১২ আগস্ট গ্রেপ্তার করেছিল কাফরুল থানার পুলিশ। এরপর একাধিকবার দুই শিশুর জামিন আবেদন করা হলেও আদালতে তা নাকচ হয়েছে। ১৫ সেপ্টেম্বর আবার জামিন আবেদনের ওপর শুনানি হওয়ার কথা।