চাঁদার টাকা না পেয়ে ব্যবসায়ীর পায়ে পুলিশের গুলির অভিযোগ স্বপ্রণোদিত (সুয়োমুটো) হয়ে জাতীয় মানবাধিকার কমিশন আমলে নিয়েছে। আইন ও সালিশ কেন্দ্র (আসক) আহত ব্যক্তির পরিবারকে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে।
জাতীয় মানবাধিকার কমিশন ও আসকের দুটি দল এবং অন্যান্য গণমাধ্যমের কর্মীরা গতকাল সোমবার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে তাঁদের খোঁজখবর নিতে যান বলে জানা গেছে।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি অত্যন্ত মানবিক। যে কারণে কমিশন স্বপ্রণোদিত হয়ে অভিযোগটি আমলে নিয়েছে। কাল (আজ মঙ্গলবার) তাদের দেখতে হাসপাতালে যাব। এরপর অবস্থা দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
মিজানুর রহমান আরও বলেন, ‘পুলিশের বিরুদ্ধে আটক-বাণিজ্যের বিষয়ে আমি যখন ভূমিকা নিয়েছিলাম তখন অনেক মন্ত্রী আমার ওপর নাখোশ হয়েছিলেন। চাঁদার দাবিতে পায়ে গুলির অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে। এসব ঘটনা সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। এর দায়দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে।’
‘চাঁদার টাকা না পেয়ে ব্যবসায়ীর পায়ে গুলি, অভিযোগ পুলিশের বিরুদ্ধে’ শিরোনামে গতকাল প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর আগে ১৭ জুন প্রথম আলোয় যশোরে ‘বন্দুক ঠেকিয়ে তরুণকে গুলি করার অভিযোগ, পুলিশের দাবি বন্দুকযুদ্ধ’ শিরোনামে আরেকটি প্রতিবেদন প্রকাশিত হয়৷ প্রতিবেদনের পর আসক এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রসচিবের কাছে একটি চিঠি পাঠায়।
আসকের তথ্য কর্মকর্তা আবু আহমেদ ফয়জুল কবির প্রথম আলোকে বলেন, ‘প্রথম আলোর প্রতিবেদনের পর আহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনি সহায়তা দেওয়ার বিষয়ে তাদের আশ্বস্ত করা হয়েছে।’
১০ লাখ টাকা চাঁদার দাবিতে যশোর শহরের বকচর এলাকার বিকি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সালমান শিকদার ওরফে বিকির হাঁটুতে গুলি করার অভিযোগ উঠেছে কোতোয়ালি থানার পুলিশের বিরুদ্ধে। একই দিনে দুই লাখ টাকার দাবিতে ইব্রাহিম হোসেন নামের অপর এক যুবকের হাঁটুতেও গুলি করা হয়। তাঁরা দুজনই অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন৷