জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন স্থানে সংবাদ সম্মেলন
‘জাতীয় মৎস্য সপ্তাহ-১৬’ উদ্যাপন ও বাস্তবায়নের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার সারা দেশের বিভিন্ন স্থানে সংবাদ সম্মেলন হয়েছে। জেলা ও উপজেলা মৎস্য কার্যালয় এ কর্মসূচির আয়োজন করে।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
দিনাজপুর: সকাল সাড়ে ১০টায় শহরের বালুবাড়ী এলাকায় জেলা মৎস্য সম্পদ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন জেলা মৎস্য কর্মকর্তা মো. হাসান ফেরদৌস সরকার। সংবাদ সম্মেলনে প্রথম আলোসহ দেশের বিভিন্ন গণমাধ্যমে মৎস্য খাতে যে সাফল্যের চিত্র তুলে ধরা হয়েছে এর ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, মৎস্য অধিদপ্তর ও এই খাতের প্রতি দেশের মানুষের আস্থা ও আগ্রহ বেড়েছে। সংবাদ সম্মেলনে জেলা মৎস্য কর্মকর্তা মো. হাসান ফেরদৌস সরকার সপ্তাহব্যাপী মৎস্য সপ্তাহের নানা আয়োজন ও কর্মসূচি তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর মৎস্য দপ্তরের সহকারী পরিচালক মো. কাজী আবেদ লতিফ, সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা কৃষিবিদ কালিপদ রায়, পার্বতীপুর মৎস্য পোনা উৎপাদন খামারের খামার ব্যবস্থাপক ইসাহাক আলী প্রমুখ। দিনাজপুর সদর ছাড়াও কাহারোল, বিরল, ফুলবাড়ী, চিরিরবন্দর উপজেলা মৎস্য কর্মকর্তারাও সংবাদ সম্মেলন করেন।
সৈয়দপুর (নীলফামারী): গতকাল উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন হয়। লিখিত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল। এতে মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে শোভাযাত্রা, আলোচনা সভা, মাছে ফরমালিনবিরোধী অভিযান, স্কুল-কলেজে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও মাছচাষিদের মাঝে পুরস্কার বিতরণ।
পাটগ্রাম (লালমনিরহাট): উপজেলায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় স্থানীয় উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে গতকাল উপজেলা পরিষদের শহীদ আফজাল মিলনায়তনে সংবাদ সম্মেলন হয়েছে। সভাপতিত্ব করেন পাটগ্রাম প্রেসক্লাব সম্পাদক আজিজুল হক। বক্তব্য দেন মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত) তারিফুর রহমান সরকার, আজিনুর রহমান, জিয়াউর রহমানসহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকেরা।
এদিকে হাতীবান্ধা উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে সংবাদ সম্মেলন হয়েছে। সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আংগুরী বেগম।
বিরামপুর (দিনাজপুর): গতকাল বিরামপুর, নবাবগঞ্জ ও হাকিমপুর মৎস্য কার্যালয়ে সংবাদ সম্মেলন হয়েছে। বিরামপুর মৎস্য কর্মকর্তা নুর নবী, নবাবগঞ্জ মৎস্য কর্মকর্তা শামীম আহমদ ও হাকিমপুর মৎস্য কর্মকর্তা রুহুল আমিন সংবাদ সম্মেলনে মৎস্য সেক্টরে সরকারের সাফল্য ও অবদানের চিত্র তুলে ধরেন। এ সময় তাঁরা বলেন, মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ, ফরমালিনবিরোধী অভিযান, মোবাইল কোর্ট, সফল মৎস্যচাষিদের মাঝে পুরস্কার বিতরণ, সরকারের মৎস্য সেক্টরে সাফল্যবিষয়ক আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
পীরগঞ্জ (ঠাকুরগাঁও): বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনের আলোচনা পর্বে সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমত আরা। বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি মেহের এলাহী, প্রান্তকথা পত্রিকার বার্তাপ্রধান জয়নাল আবেদীন, জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা ইসমত আরা, সহকারী মৎস্য কর্মকর্তা আবদুল জলিল, সাংবাদিক মোসারফ হোসেন, বুলবুল আহমেদ প্রমুখ।