জাতীয় যুব সম্মেলন ও স্বেচ্ছাসেবকদের তথ্যভান্ডার করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউএন বাংলাদেশের আলোচনা সভা। ছবি: সংগৃহীত।
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউএন বাংলাদেশের আলোচনা সভা। ছবি: সংগৃহীত।

বাংলাদেশের যে কোনো দুর্যোগ পরিস্থিতিতে যুব সমাজ স্বেচ্ছাসেবা নিয়ে দ্রুত এগিয়ে আসে। কিন্তু তাদের নিয়ে কেন্দ্রীয়ভাবে কোনো তথ্য নেই এবং জাতীয়ভাবে যুব সম্মেলনও হয় না। স্বেচ্ছাসেবার তথ্য ভান্ডার ও জাতীয় যুব সম্মেলন করার প্রয়োজনীয়তার কথা উঠে এসেছে যুব দিবসের এক আলোচনা সভায়।

আজ বুধবার আন্তর্জাতিক যুব দিবস। এ বছরের প্রতিপাদ্য ‘বৈশ্বিক কর্মে যুবদের সম্পৃক্ততা।’ এ দিবস উপলক্ষে আজ যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউএন বাংলাদেশের যৌথ উদ্যোগে একটি ভার্চুয়াল আলোচনা সভা হয়। সভার বিষয় ছিল- ‘বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে তরুণ ও স্বেচ্ছাসেবকদের ভূমিকা।’

সভায় বক্তারা স্বেচ্ছাসেবকদের নিয়ে একটি তথ্যভান্ডার এবং জাতীয় যুব সম্মেলন করার কথা বললে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল জানান, সরকার এ বিষয়ে কাজ করছে। তিনি বলেন, ‘দুর্যোগে বাংলাদেশ এখন রোল মডেল। আর এই রোল মডেল হওয়ার পেছনে যুব সমাজের ভূমিকা অনেক।’ যুবনীতির কর্মপরিকল্পনা চূড়ান্ত হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, জাতীয় যুব সম্মেলনের বিষয়েও কাজ চলছে। তিনি বলেন, যুব সমাজকে একত্রিত কোনো প্ল্যাটফর্মে আনতে পারলে তা আরও বেশি কার্যকর হবে।

যুবকদের জন্য যুবমন্ত্রী সরকারের বিভিন্ন প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, ভার্চ্যুয়াল প্রশিক্ষণ দেওয়ার জন্য একটি ট্রেনিং সেন্টার গড়ে তোলা হচ্ছে। যেখানে নেপালসহ বিশ্বের বিভিন্ন দেশের যুবকরা অনলাইনে প্রশিক্ষণের সুযোগ পাবে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, যে দেশের জনগণের ৩০ শতাংশই যুবক সে দেশে যুবকদের ছাড়া কিছুই সম্ভব নয়। সবকিছুতে যুবকদের সম্পৃক্ত করার কথা বলেন তিনি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আখতার হোসেন যুবকদের জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনিও যুবকদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরির কথা বলেন।

ইউএনভি বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর মো. আকতার উদ্দিন বলেন, দেশের যেকোনো দুর্যোগে স্বেচ্ছাসেবকেরা সবচেয়ে দ্রুত এগিয়ে আসে। কিন্তু তাদের জন্য সুনির্দিষ্ট কোনো নীতি বা কাঠামোগত কিছু নেই। দেশের স্বেচ্ছাসেবকদের কোনো কেন্দ্রীয় তথ্যভান্ডার নেই। একটি তথ্যভান্ডার থাকলে যে কেউ দক্ষতা অনুযায়ী কোনো স্বেচ্ছাসেবক বেছে নিতে পারবে। আবার স্বেচ্ছাসেবকরাও পছন্দ অনুযায়ী কোনো সংগঠনের সঙ্গে কাজ করার সুযোগ পাবে।

দুর্যোগ ছাড়াও সামাজিক বিভিন্ন ইস্যুতে স্বেচ্ছাসেবা কার্যক্রম বাড়ানোর কথা বলেন একশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির। জাতীয় যুব সম্মেলন করার কথা বলেন। এ ছাড়া ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, অনেক তরুণ কিছু করতে চায়, কিন্তু প্ল্যাটফর্মের অভাবে সুযোগ পায় না।

যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আখতারুজ্জামান খান কবিরের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন এটুআইয়ের সোশ্যাল ইনোভেশন ক্লাস্টারের প্রধান মো. মানিক মাহমুদ এবং ইয়ুথ অ্যাকটিভিস্ট ফাহমিদা ফাইজা।