ছাত্ররাজনীতির সুস্থতা ফিরিয়ে আনতে নিয়মিত ছাত্রদের দিয়ে ছাত্র সংগঠনের কমিটি গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এক আলোচনা সভায় ওবায়দুল কাদের এ কথা বলেন। তিনি বলেন, ‘জাতীয় রাজনীতি অসুস্থ, ছাত্ররাজনীতিও অসুস্থ। নিয়মিত ছাত্রদের দিয়ে কমিটি করুন, প্রতিবছর ছাত্র সংসদের নির্বাচন দিন এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করুন। এভাবে চলতে থাকলে ছাত্ররাজনীতির অসুস্থতা কমে যাবে।’আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, দেশে আড়াই কোটি যুবক বেকার। এদের কর্মসংস্থানের ব্যবস্থা না করে তাদের টেন্ডারবাজি ও চাঁদাবাজির কথা নিয়ে সমালোচনা করলে চলবে না। সংশোধনের ব্যবস্থা না করে দমনমূলক ব্যবস্থা নিলে বেকার যুবকদের বিপথে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। তিনি বলেন, ‘সন্ত্রাসকে আমরা দূর করব, কিন্তু সন্ত্রাসীদের মাথায় যিনি ছাতা ধরে আছেন, তাঁকে নিস্তার দিলে কখনোই সন্ত্রাস দূর হবে না।’বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদ আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ঢাকা মহানগর শাখার সভাপতি এম এ এইচ হায়দার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহ-উপাচার্য হারুন-অর-রশিদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. ফরহাদ হোসেন প্রমুখ।