জাতীয় শোক দিবসে পরীক্ষা
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বহরপুর কলেজে গতকাল শুক্রবার জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন না করে পরীক্ষা নেওয়া হয়েছে।
কলেজটির এক শিক্ষার্থীর অভিভাবক ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি এ এম আবদুল মতিন বলেন, সরকারি প্রজ্ঞাপনে জাতীয় শোক দিবস উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। এদিন শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বঙ্গবন্ধুর জীবনের ওপর আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করার কথা। কিন্তু বহরপুর কলেজে গতকাল সকাল নয়টা থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের মডেল টেস্ট পরীক্ষা নেওয়া হয়।
মতিন অভিযোগ করেন, কলেজে গতকাল জাতীয় ও শোক দিবসের কালো পতাকা উত্তোলন করা হয়নি। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হলে পরীক্ষা এক ঘণ্টা সংক্ষিপ্ত করা হয়।
কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল হান্নান বলেন, ‘পরীক্ষা নেওয়ার বিষয়টি শোনার পর কলেজে গিয়ে দেখি পরীক্ষা শেষ হয়ে গেছে। এ বিষয়ে অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ করলে তিনি সদুত্তর দিতে পারেননি।’