জাতীয় শোক দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল সকালে ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে শহরে এক শোক র‌্যালি বের করা হয় l ছবি: প্রথম আলো
জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল সকালে ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে শহরে এক শোক র‌্যালি বের করা হয় l ছবি: প্রথম আলো

জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী গতকাল মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, সংগীত, চিত্রাঙ্কন, আবৃত্তি প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করে দেশ গড়ার প্রত্যয় জানানো হয়।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
খুলনা নগরের নিউমার্কেট থেকে সকাল সাড়ে আটটায় একটি শোক র্যালি বের হয়ে বাংলাদেশ বেতারের খুলনা কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সাংসদ তালুকদার আবদুল খালেকসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ। পরে জেলা প্রশাসনের উদ্যোগে অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান। প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়া। আমরা যদি যার যার অবস্থান থেকে অবদান রেখে তাঁর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, তবেই তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন করা হবে।’ এ ছাড়া জেলা প্রশাসন, শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমীর পৃথকভাবে আয়োজিত রচনা, সংগীত, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বরিশাল নগরের অশ্বিনীকুমার হল চত্বরে সকাল আটটায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সাংসদ তালুকদার মো. ইউনুস, জেবুন্নেছা আফরোজ ও শেখ মো. টিপু সুলতান। সকাল ১০টায় অশ্বিনীকুমার হলে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বেলা ১১টায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় সোহেল চত্বর থেকে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শোক র্যালি বের হয়। দুপুর ১২টায় দলীয় কার্যালয় চত্বরে শোক দিবসের আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দুপুরে আলোচনার আয়োজন করে বরিশাল সিটি করপোরেশন। এ ছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শোক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুরে সকাল আটটায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। সাড়ে আটটার দিকে শহরের অম্বিকা ময়দানে জাতির জনকের প্রতিকৃতিতে মাল্যদান করেন ফরিদপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। দুপুরে শহরের সিঅ্যান্ডবি ঘাট এলাকায় মিলাদ মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়। সন্ধ্যায় কবি জসীমউদ্দীন হলে ‘স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’-এর জীবন ও কর্মের ওপর এক আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন। পরে একটি শোক র্যালি বের করা হয়। পরে স্বাধীনতা উদ্যানে জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সমাজকল্যাণ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোজাম্মেল হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মীর শওকাত আলী প্রমুখ। মোজাম্মেল হোসেন বলেন, বঙ্গবন্ধুর আদর্শ সামনে রেখে দেশ গড়তে হবে। বিশেষত ছাত্রলীগ ও যুবলীগকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এ ছাড়া বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করার দাবি জানান তিনি।
কুষ্টিয়া শহরের মজমপুরে সকালে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন কুষ্টিয়া জেলা প্রশাসক জহির রায়হান। এরপর আওয়ামী লীগের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা হয়। বেলা সাড়ে ১১টায় শহরের এন এস রোড থেকে জেলা আওয়ামী লীগ শোক র্যালি বের করে। এ দিকে, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে সকালে প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত করে এক মিনিট নীরবতা পালন করা হয়। উপাচার্য হারুন-উর-রশিদ আসকারীর নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা ক্যাম্পাসে শোক র্যালি বের করেন।
এ ছাড়া সাতক্ষীরা, ঝালকাঠি, চুয়াডাঙ্গা, মাগুরা, পিরোজপুর, বরগুনা, ঝিনাইদহ, মেহেরপুর, নড়াইল, রাজবাড়ী, গোয়ালন্দ ও পটুয়াখালীর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।