জাতীয় শোক দিবসে নানা আয়োজন
আজ জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আজ বিভিন্ন প্রতিষ্ঠান নানা ধরনের কর্মসূচির আয়োজন করেছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বিকেলে মুক্তিভবনে মৈত্রী মিলনায়তনে বঙ্গবন্ধু স্মরণে আলোচনা সভার আয়োজন করেছে। ঢাকা মহানগর আওয়ামী যুবলীগ-উত্তর মিরপুর ১০ নম্বর গোলচত্বর চৌরঙ্গী মার্কেটের গলিতে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের নানা দিক আলোকচিত্র ও তথ্যচিত্রের মাধ্যমে তুলে ধরবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে। অফিসার্স ক্লাব ঢাকা ক্লাব মিলনায়তনে বিকেলে আলোচনা অনুষ্ঠান ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছে।বাংলা একাডেমী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবে। বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তনে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শিশু চিত্রকলা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সকাল সাড়ে ১০টায় সাংবাদিক সমাজের ব্যানারে জাতীয় প্রেসক্লাবে আয়োজন করা হয়েছে সর্বধর্ম প্রার্থনা সভা। বাংলাদেশ শিশু একাডেমী রচনা, শিল্পকর্ম প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতার সনদ ও পুরস্কার বিতরণ করবে। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে। শেখ রাসেল শিশু সংসদ ১৬ আগস্ট সকালে রিপোর্টার্স ইউনিটির ভিআইপি মিলনায়তনে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করবে। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন দিনব্যাপী রচনা প্রতিযোগিতা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তিসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।