জাতীয় শোক দিবসে সুপ্রিম কোর্টের রক্তদান কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় শোক দিবস উপলক্ষে সুপ্রিম কোর্ট স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি হাতে নিয়েছে। ১৫ আগস্ট দুপুরে রক্তদান কর্মসূচির উদ্বোধন করবেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ প্রথম আলোকে এ তথ্য জানান।

সাব্বির ফয়েজ প্রথম আলোকে বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি হাতে নিয়েছে সুপ্রিম কোর্ট। এ কর্মসূচির ব্যাপারে সুপ্রিম কোর্টকে সহযোগিতা করছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।

বিএসএমএমইউয়ের প্রধান মেডিকেল টেকনোলজিস্ট মো. আবদুল মজিদ শেখ প্রথম আলোকে বলেন, সুপ্রিম কোর্টের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে রক্ত দিলে পাঁচটি পরীক্ষা সম্পূর্ণ বিনা খরচে করে দেওয়া হবে; যা বাইরে করলে খরচ লাগবে প্রায় তিন হাজার টাকার মতো। পরীক্ষাগুলো হলো এইচআইভি, এইডস, হেপাটাইটিস-বি, হেপাটাইটিস-সি, ম্যালেরিয়া ও সিফিলিস। রক্তের গ্রুপও নির্ণয় করা হবে।