জাতীয় শ্রমনীতি মন্ত্রিসভায় অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় শ্রমনীতি মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান।নতুন শ্রমনীতিতে প্রবাসী শ্রমিক, কৃষি শ্রমিকসহ প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের বিষয়গুলো সুনির্দিষ্ট করা হয়েছে। সরকার, মালিক ও শ্রমিক ত্রিপক্ষীয় বৈঠক করে এ নীতি প্রণয়ন করা হয় বলে মন্ত্রিপরিষদ সচিব জানান। তিনি বলেন, নতুন শ্রমনীতিতে ভিশন-২০২১ প্রতিষ্ঠিত হয়েছে। এতে শ্রমের মর্যাদা, শ্রমিকের অধিকার, ন্যায্য মজুরি, কী করে শ্রমিক কল্যাণ নিশ্চিত করা যায়, তা অন্তর্ভুক্ত আছে। তিনি বলেন, শ্রমনীতিতে এই প্রথমবারের মতো অভিবাসী শ্রমিকদের স্বার্থ অন্তর্ভুক্ত করা হয়েছে। নারী শ্রমিকের স্বার্থ সংরক্ষণের কথা বলা হয়েছে। শিশুশ্রম নিরসন ও নিরুৎসাহিত করার কথা বলা হয়েছে। সামাজিক দায়বদ্ধতার সঙ্গে শ্রমকল্যাণ নিশ্চিত করা হয়েছে।মন্ত্রিপরিষদ সচিব বলেন, শ্রমনীতি কোনো আইন নয়। এটা বিদ্যমান আইনের সঙ্গে সাংঘর্ষিক নয়। ভবিষ্যতে আইন প্রণয়নের ক্ষেত্রেও শ্রমনীতি অনুসরণ করা হবে। তা ছাড়া ক্ষেত্রবিশেষে নির্বাহী আদেশেও নীতি বাস্তবায়ন করা যেতে পারে।মন্ত্রিপরিষদ সচিব বলেন, ১৯৭২ সালে দেশে প্রথম শ্রমনীতি হয়। শোষণহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে তখন এ নীতি প্রণয়ন করা হয়েছিল। এরপর ১৯৮০ সালে একটি নীতি হয়। এর মধ্যে আর কোনো সংশোধন হয়নি। তিনি বলেন, ৩২ বছর পর নতুন শ্রমনীতি প্রণয়ন করা হয়। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার মাধ্যমে এ নীতি গ্রহণ করা হয়। মন্ত্রিসভায় কিছু পর্যবেক্ষণসহ নীতিটির অনুমোদন দেওয়া হয়।নতুন শ্রমনীতি প্রণয়নের পরিপ্রেক্ষিত বর্ণনা করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, গত ৩২ বছরে অনেক কিছুর পরিবর্তন হয়েছে। বিশ্বায়ন ও বাজার অর্থনীতির বিকাশ ঘটেছে। শ্রম ও শিল্পের পরিবর্তন ঘটেছে। এসব কারণে নতুন শ্রমনীতি প্রণয়ন করা হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।