যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সাম্প্রতিক সময়ের কিছু ঘটনা আমাদের জাতীয় মর্যাদাকে ক্ষুণ্ন করেছে। বিদেশে আমাদের ভাবমূর্তিকে খাটো করেছে। তবু আমি মনে করি, আমাদের জাতীয় রাজনৈতিক সংকটে আন্তর্জাতিক মধ্যস্থতা জাতীয় মর্যাদার জন্য সুখকর নয়। আমাদের মর্যাদার জন্যই এ সমস্যা নিজেদের সমাধান করতে হবে।’ঢাকা-দোহার সড়কের সংস্কারকাজ পরিদর্শনকালে গতকাল শনিবার বেলা ১১টার দিকে যোগাযোগমন্ত্রী এসব কথা বলেন। ১৬ কোটি টাকা ব্যয়ে শ্রীনগর থেকে কেরানীগঞ্জের রুহিতপুর পর্যন্ত সড়কের ৩৯ কিলোমিটারের সংস্কারকাজ চলছে। এ সময় যোগাযোগমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথের ঢাকা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহাবুদ্দিন খান, মুন্সিগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী নুরুল হোসেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ প্রমুখ। ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশ ২০২১ সালের মধ্যে পৃথিবীর অন্যতম মধ্যম আয়ের দেশ হিসেবে পরিগণিত হবে। আমরা মধ্যম আয়ের দেশ হিসেবে এগিয়ে যাচ্ছি, যা অনেকের কাছেই ভালো লাগছে না। কেউ কেউ দেশের এ অবস্থা দেখে ঈর্ষান্বিত হয়ে পড়ছে। এ কারণে বিশ্বের অনেক উন্নত দেশেরও ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ।’