জাতীয় সংগীত, পতাকা ও প্রতীক অবমাননা করলে শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবমাননা করলে শাস্তির বিধান রেখে জাতীয় সংগীত, পতাকা ও প্রতীক (সংশোধন) বিল ২০১০ গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে পাস হয়েছে। এতে জাতীয় সংগীত, পতাকা ও প্রতীক অবমাননা করলে সর্বোচ্চ শাস্তি এক বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রাখা হয়েছে।এ ছাড়া বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল বিল ২০১০ এবং ইপিজেড শ্রমিক কল্যাণ সমিতি ও শিল্প সম্পর্ক বিল ২০১০ গতকাল পাস হয়েছে।জাতীয় সংগীত, পতাকা ও প্রতীক (সংশোধন) বিল পাসের জন্য সংসদে উত্থাপন করেন সংসদকার্যে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্তমন্ত্রী মতিয়া চৌধুরী। বিরোধী দলের বেশ কয়েকজন সদস্য বিলের ওপর কিছু সংশোধনীর প্রস্তাব দিলেও তাঁরা উপস্থিত না থাকায় সেগুলো উত্থাপিত হয়নি। স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের সংশোধনীগুলো উত্থাপিত হলেও সেগুলো নাকচ হয়ে যায়। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়।ইপিজেড শ্রমিক কল্যাণ সমিতি ও শিল্প সম্পর্ক বিল ২০১০: সংসদকার্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্তমন্ত্রী মতিয়া চৌধুরী ইপিজেড শ্রমিক কল্যাণ সমিতি ও শিল্প সম্পর্ক বিল সংসদে উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। বিরোধীদলীয় সদস্যদের অনুপস্থিতির কারণে তাঁদের প্রস্তাবিত সংশোধনীগুলো উত্থাপিত হয়নি।অর্থনৈতিক অঞ্চল বিল: সিটি করপোরেশন, পৌরসভা এবং ক্যান্টনমেন্ট বোর্ডের আওতাভুক্ত জমিতে অথনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা যাবে না—এমন বিধান রেখে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল বিল ২০১০ গতকাল সংসদে পাস হয়। সংসদকার্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্তমন্ত্রী মতিয়া চৌধুরী বিলটি উত্থাপন করেন। বিরোধী দলের সদস্যরা অনুপস্থিত থাকায় তাঁদের সংশোধনী প্রস্তাবগুলো উত্থাপিত হয়নি।বিলের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে, দ্রুত অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন, কর্মসংস্থান, উৎপাদন, রপ্তানি বৃদ্ধিতে উৎসাহ দেওয়া এবং পিছিয়ে পড়া সম্ভাবনাময় সব এলাকায় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করার জন্য বিলটি আনা হয়।ব্যাংক-কোম্পানি (সংশোধন) বিল ২০১০ উত্থাপিত: কোনো ব্যাংক-কোম্পানির পরিচালক একই সময়ে অন্য কোনো ব্যাংক-কোম্পানি বা কোনো আর্থিক প্রতিষ্ঠান বা কোনো বিমা কোম্পানির পরিচালক থাকতে পারবেন না—এমন বিধান রাখার প্রস্তাব করে ব্যাংক-কোম্পানি (সংশোধন) বিল ২০১০ উত্থাপিত হয়েছে।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল বিলটি সংসদে উত্থাপন করেন। এ ছাড়া তিনি আর্থিক প্রতিষ্ঠান (সংশোধন) বিল ২০১০ উত্থাপন করেন। বিল দুটি পরীক্ষা-নিরীক্ষার জন্য দুই সপ্তাহের সময় দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।প্রতিবেদন উত্থাপন: ব্যাটালিয়ন আনসার (সংশোধন) বিল, ২০১০ ও বাংলাদেশ রাইফেলস (সংশোধন) বিল, ২০১০ সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির প্রতিবেদন গতকাল সংসদে উত্থাপন করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির অনুপস্থিতিতে ওই কমিটির সদস্য নুরুল ইসলাম সুজন প্রতিবেদন উত্থাপন করেন।