জাতীয় সংগীত গাইতে পারছে না শিক্ষার্থীরা
রংপুর জিলা স্কুলে চার দিন ধরে শিক্ষার্থীদের শারীরিক কসরত (অ্যাসেমব্লি) এবং জাতীয় সংগীত গাওয়া বন্ধ রয়েছে। মাঠে শিক্ষার্থীরা খেলাধুলাও করতে পারছে না। রংপুর শিল্প ও বণিক সমিতি গত ১১ ডিসেম্বর থেকে মাসব্যাপী বিদ্যালয়ের দুটি খেলার মাঠে বাণিজ্য মেলা ও সার্কাসের আয়োজন করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।স্কুলের প্রধান শিক্ষক আবু নূর মো. আনিসুল ইসলাম চৌধুরী মেলার কারণে শিক্ষার্থীদের শারীরিক কসরতের সুযোগ না থাকার কথা স্বীকার করে বলেন, মেলার স্টলের জন্য পশ্চিম দিকের মাঠ অনুমোদন দেওয়া হলেও সার্কাসের জন্য পূর্ব দিকের মাঠও ব্যবহার করা হচ্ছে।মেলার আয়োজক রংপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি এ টি এম শাহ নেওয়াজ জানান, মাঠ ব্যবহারের অনুমতি নেওয়া হয়েছে। ১১ জানুয়ারি পর্যন্ত এ মেলা চলবে।অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মাহবুব উল আলম বলেন, শিল্প ও বণিক সমিতিকে মাঠ ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এখন মেলা কত দিন চলবে, তা সঠিকভাবে বলা যাচ্ছে না।