জাতীয় সংগীত গাইতে যাওয়ার পথে ছাত্রীর মৃত্যু
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় সংগীত গাইতে যাওয়ার পথে আজ বুধবার সকাল ১০টার দিকে সড়ক দুর্ঘটনায় এক ছাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরও নয়জন শিক্ষার্থী।
নিহত ওই ছাত্রীর নাম কাকলী খাতুন (১১)। সে উপজেলার কাজীপাড়া উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। তার বাড়ি উপজেলার রাখাল বুরুজ ইউনিয়নের কামারপাড়া গ্রামে।
পুলিশ জানায়, আজ গোবিন্দগঞ্জে জাতীয় সংগীত গাওয়ার আয়োজন করা হয়। এতে অংশ নিতে জেলার বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থী ও সাধারণ মানুষ বাস ও ভটভটিতে করে গোবিন্দগঞ্জ উপজেলা সদরে যাচ্ছিল। সকাল ১০টার দিকে কাকলী খাতুনসহ কাজীপাড়া উচ্চবিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থী একটি ভটভটিতে করে ওই অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল। শিববাটি এলাকায় পৌঁছার পর ভটভটির চালক অপর একটি ভটভটিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ভটভটিটি রাস্তার পাশে উল্টে গেলে ১০ জন আহত হয়। গুরুতর আহত কাকলীকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। আহত অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।