জাতীয় সংগীত গাওয়া হয় না বদরগঞ্জের বিদ্যালয়ে
রংপুরের বদরগঞ্জ উপজেলার কাঁচাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক বছর ধরে জাতীয় সংগীত পরিবেশন ও অ্যাসেমব্লি হচ্ছে না৷ প্রধান শিক্ষক রাজিয়া সুলতানার খামখেয়ালির জন্য এ ঘটনা ঘটছে বলে অভিযোগ পাওয়া গেছে৷ এ ঘটনায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জান্নাতুল হক প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে গত মঙ্গলবার লিখিত অভিযোগ দিয়েছেন৷
গত বুধবার সরেজমিনে দেখা গেছে, শিক্ষার্থীরা মাঠে খেলছে৷ প্রধান শিক্ষকের কক্ষে দুই শিক্ষিকা গল্প করছেন৷ অপর এক শিক্ষিকা তাঁর দুই বছরের এক শিশুকে নিয়ে খেলছেন৷ পাশের কক্ষে পাওয়া গেল আরও দুই শিক্ষককে৷
বিদ্যালয়ের জাতীয় সংগীত না গাওয়া প্রসঙ্গে জানতে চাইলে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সুমন বাবু বলে, ‘িথ্রতে পড়ার সময় স্যারেরা একদিন লাইন করিয়া জাতীয় সংগীত করাইচে৷ এরপর আর কোন দিন হয় নাই৷’ একই কথা বলে চতুর্থ শ্রেণীর আরিফুর, পঞ্চম শ্রেণীর আশরিফা খাতুন, কোহিনুর খাতুনসহ অনেক৷
তবে সহকারী শিক্ষক কালাম চৌধুরী বলেন, ‘প্রায় তিন মাস ধরে আমি এ বিদ্যালয়ে যোগদান করেছি৷ তখন থেকে শিক্ষার্থীদের অ্যাসেমব্লি করাতে দেখিনি৷’ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবে আপনি কী উদ্যোগ নিয়েছেন-জানতে চাইলে জান্নাতুল হক বলেন, ‘প্রধান শিক্ষককে অ্যাসেমব্লির কথা বললে তিনি বলেন, এখন শীত৷ গরমকালে বললে বলেন, এখন গরম৷ এমন করে তিনি আর অ্যাসেমব্লি করান না৷’
তবে প্রধান শিক্ষক রাজিয়া সুলতানা দাবি করেন, প্রতিদিন বিদ্যালয়ে অ্যাসেমব্লি ও জাতীয় সংগীত গাওয়া হয়৷ কোমলমতি শিশুরা না বুঝে হয়তো অভিযোগ করছে৷ কিন্তু সহকারী শিক্ষকেরাও কী বোঝেন না-এমন প্রশ্ন করা হলে তিনি থমকে যান৷ পরে অ্যাসেম্বিল না করানোর বিষয়টি এ প্রতিবেদকের নিকট স্বীকার করে তিনি বলেন, ‘এখন থেকে প্রতিদিন অ্যাসেমব্লি ও জাতীয় সংগীত গাওয়ার ব্যবস্থা নিব৷’ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিয়াছমিন আখতার বলেন, ‘ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি৷ তদন্ত করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷’