জাতীয় সংগীত গেয়ে পতাকা উত্তোলন দিবস উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংগীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্মরণ করা হলো ঐতিহাসিক ২ মার্চ। ১৯৭১ সালের এই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের ছাদে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়েছিল।
‘পতাকা উত্তোলন দিবস’ উদ্যাপন উপলক্ষে গতকাল সোমবার দুপুরে কলাভবনের সামনের বটতলায় শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীরা জড়ো হন। জহুরুল হক হলের প্রাধ্যক্ষ আবু মো. দেলোয়ার হোসেন ও বাংলা বিভাগের অধ্যাপক সৌমিত্র শেখরের নেতৃত্বে পতাকা উত্তোলন দিবস উদ্যাপন কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হাতে একটি করে মানচিত্রখচিত ছোট পতাকা তুলে দেওয়া হয়। পরে সবাই একসঙ্গে দাঁড়িয়ে জাতীয় সংগীত পরিবেশন করেন। এ সময় জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। পরে এক আলোচনা সভায় উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস গৌরবের ইতিহাস, অহংকারের ইতিহাস। পৃথিবীর এমন কোনো বিশ্ববিদ্যালয় পাওয়া যাবে না, যে বিশ্ববিদ্যালয় তার দেশকে একটি স্বাধীন পতাকা এনে দিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহ-উপাচার্য (প্রশাসন) সহিদ আখতার হুসাইন। বক্তব্য দেন কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দীন, কলা অনুষদের ডিন অধ্যাপক আখতারুজ্জামান প্রমুখ। পরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আব্দুল জব্বার, ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগ ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থীরা দেশের গান পরিবেশন করেন।
দিবসটি উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ)। মধুর ক্যানটিন থেকে মিছিলটি শুরু হয়ে কলা ভবনের প্রধান ফটকে গিয়ে শেষ হয়।