জাতীয় সংগীতে উদ্যাপিত হবে সেই চারটা ৩১ মিনিট
১৬ ডিসেম্বর বিজয়ের ঐতিহাসিক ক্ষণ ৪টা ৩১ মিনিট। এ মুহূর্তটি জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উদ্যাপন করা হবে। গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সেক্টর কমান্ডারস ফোরাম, বিজয় ৪:৩১ মঞ্চ এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে।
সংবাদ সম্মেলনে সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান এ কে খন্দকার বলেন, বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনা ফিরিয়ে আনার যে কাজ শুরু হয়েছে, মুক্তিযুদ্ধবিরোধীদের তা সহ্য হচ্ছে না। নাশকতা-নৈরাজ্য-অন্তর্ঘাত-সশস্ত্র সংঘাতের মাধ্যমে তারা রাষ্ট্রকে অচল করে দিতে চাইছে।
১৬ ডিসেম্বর এই তিনটি সংগঠনের অনুষ্ঠান শুরু হবে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন মঞ্চে বেলা সাড়ে তিনটায়। থাকবে মুক্তিযুদ্ধের গান, কবিতা ও নৃত্য। বিকেল চারটা ৩১ মিনিটে পাকিস্তানের আত্মসমর্পণের ঐতিহাসিক মুহূর্তে শিল্পীদের সঙ্গে মুক্তিযোদ্ধা, জনতা এবং দেশের প্রতিটি স্থানে সমবেতরা একই সঙ্গে গাইবেন জাতীয় সংগীত। পরে শপথ পরিচালনা করবেন বিজয় ৪:৩১ মঞ্চের আহ্বায়ক এমিরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।
বিজয় ৪:৩১ মঞ্চের প্রধান সমন্বয়ক নাসির উদ্দীন ইউসুফ জানান, বেতার ও টেলিভিশনে এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে।
সংবাদ সম্মেলনে সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী মোস্তফা হাওলাদার ও বগুড়ায় সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন জাকারিয়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করা হয়। ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম হামিদ সাক্ষী সুরক্ষা আইনে সাক্ষীদের নিরাপত্তা দেওয়ার দাবি করেন।
মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের আহ্বায়ক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, সারা দেশে বিজয় মঞ্চ গড়ে তোলা হচ্ছে।
কাদের মোল্লার ফাঁসিকে ঘিরে নাটকীয় ঘটনার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী। তিনি বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তবে রায়ের কার্যকারিতা আমরা দেখতে চাই।