জাতীয় সংসদ ভবনের নকশা বাংলাদেশে আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লুই ইসাডোর কানের তৈরি করা স্থাপত্যকলার অনন্য নিদর্শন জাতীয় সংসদ ভবনের মূল নকশার হদিস পাওয়া গেছে। আগামী দেড়-দুই মাসের মধ্যে ওই নকশা সংসদের কাছে এসে পৌঁছাবে। এ জন্য জাতীয় সংসদের প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে গিয়ে প্রয়োজনীয় কাজ সেরে এসেছে।
প্রতিনিধিদলটি গতকাল রোববার সকালে ঢাকায় ফিরেছে। প্রতিনিধিদলের প্রধান ও সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব আ ই ম গোলাম কিবরিয়া প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছেন। প্রতিনিধিদল নকশা শনাক্ত করতে যুক্তরাষ্ট্র গিয়েছিল ৬ জুন।
গোলাম কিবরিয়া বলেন, ‘আমরা নকশাগুলো দেখে চিহ্নিত করে এসেছি। ইতিমধ্যে নকশা ছাপার কাজ শুরু হয়েছে। দেড়-দুই মাসের মধ্যে সব নকশা সংসদের কাছে এসে যাবে।’ তিনি বলেন, সংসদ ভবনের মূল নকশা ৮৫৩টি। এর সঙ্গে সম্পৃক্ত আরও ৫৭টি গুরুত্বপূর্ণ নকশার হদিস পাওয়া গেছে। সেই সঙ্গে পাওয়া গেছে লুই ইসাডোর কান বা তাঁর সহকারীদের তোলা বেশ কিছু দুর্লভ আলোকচিত্র। আরও পাওয়া গেছে ১১৫টি অনির্মিত (আনবিল্ড) নকশা। সেগুলোও বাংলাদেশে নিয়ে আসতে চাহিদাপত্র দেওয়া হয়েছে।
সংসদ সচিবালয় সূত্র বলেছে, প্রতিটি নকশার জন্য পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়কে ২২ মার্কিন ডলার করে দিতে হবে। বিনিময়ে বাংলাদেশ পাবে প্রতিটি নকশার চারটি করে কপি।
জানতে চাইলে স্পিকার শিরীন শারমিন চৌধুরী প্রথম আলোকে বলেন, বিশ্বের অনন্য একটি স্থাপত্য নিদর্শন বাংলাদেশ জাতীয় সংসদ। অথচ সেই ভবনের নকশা বাংলাদেশের কাছে নেই। এটা অবিশ্বাস্য। ইতিহাসের গুরুত্ব অনুধাবন করেই পুরো নকশা আনা হচ্ছে।
সংসদ সচিবালয়ের গণপূর্ত বিভাগ ২০১৩ সালে নকশাবহির্ভূতভাবে সংসদ ভবনের উত্তর ফটক বন্ধ করে সেখানে সংসদ টেলিভিশনের জন্য স্টুডিও নির্মাণের কাজ শুরু করে। এ নিয়ে ওই বছরের ২৩ জুন প্রথম আলোতে ‘সংসদ ভবনের নকশায় আবার আঘাত’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। এরপর স্পিকার শিরীন শারমিন চৌধুরীর হস্তক্ষেপে স্টুডিও নির্মাণের কাজ বন্ধ হয়। এর পরিপ্রেক্ষিতে ওই বছরের ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ ভবনের মূল নকশা সংগ্রহের নির্দেশ দেন। এরপর সংসদ সচিবালয় থেকে লুই কানের প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, তাঁর তৈরি যাবতীয় নকশা পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের মহাফেজখানায় সংরক্ষিত আছে।
অবশ্য চারদলীয় জোট সরকারের আমলে নকশাবহির্ভূতভাবে সংসদ এলাকায় স্পিকার ও ডেপুটি স্পিকারের জন্য ভবন নির্মাণ করা হয়। এ নিয়ে আদালতে মামলাও হয়। চন্দ্রিমা উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর আছে। সংসদ ভবন এলাকায় কবর আছে সাত রাজনীতিকের।
স্থপতি মীর মোবাশ্বের আলীর লেখা সমতটে সংসদ বই থেকে জানা যায়, লুই কান পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন। কাজের জন্য তিনি বেশ কয়েকবার ঢাকা এসেছিলেন। ১৯৭৪ সালের ১৭ মার্চ ঢাকা থেকে নিউইয়র্ক হয়ে ফিলাডেলফিয়ায় যাওয়ার পথে পেন স্টেশনে তিনি মারা যান।