জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ বলেছেন, ‘জাতীয় সংসদকে পবিত্র বলা হয়। কিন্তু দায়িত্ব নিয়ে দেখলাম, অতীতে অনিয়ম ও দুর্নীতি করে একে অপবিত্র করা হয়েছে। তাই জাতীয় সংসদকে পবিত্র করতে দিনরাত কাজ করে যাচ্ছি। এরই মধ্যে অনিয়ম ও দুর্নীতি বন্ধ করে জাতীয় সংসদকে পবিত্রতার একটা পর্যায়ে নিয়ে এসেছি।’কিশোরগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে গতকাল মঙ্গলবার সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন। সরকারি কর্মকর্তাদের নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, সত্যিকারের ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে এর বিকল্প নেই।জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিভিল সার্জন দীন মোহাম্মদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. আনিছুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী গৌতম প্রসাদ চৌধুরী ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ কে এম সোহরাওয়ার্দী।স্পিকার বলেন, ‘জাতীয় সংসদে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছি। সরকারি দল ও বিরোধী দল আমার কাছে সমান।’ জেলার হাওর অঞ্চলের সার্বিক উন্নয়নে হতাশা ব্যক্ত করে তিনি বলেন, বর্তমান সরকার হাওরে যেসব প্রকল্প হাতে নিয়েছে, তার ৫০ শতাংশ কাজও সমাপ্ত হয়নি। অথচ আর্থিক বছর চলে যাচ্ছে।মিঠামইন উপজেলার হাওরে চার কোটি ১৪ লাখ টাকার উন্নয়নকাজ অতি ধীরগতিতে এগোচ্ছে বলে মন্তব্য করে আবদুল হামিদ বলেন, ‘স্পিকার হিসেবে কোনো কাজে আমার অন্যায় আবদার নেই। কিন্তু জেলার সার্বিক উন্নয়নে সঠিক কাজটি সঠিক সময়ে হচ্ছে কি না, তা লক্ষ রাখা নৈতিক দায়িত্ব বলে মনে করি।’ তিনি বলেন, হাওরে চিকিৎসক নেই। হাওরবাসী আধুনিক ও সুষ্ঠু চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। কোনো রোগী জেলা শহরে আসতে আসতেই মারা যায়। এসব ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।সরকারি কর্মকর্তাদের উদ্দেশে স্পিকার বলেন, ‘সংসদ সচিবালয়ও আমাকে চালাতে হয়। মন্ত্রী-এমপিসহ ৩৪৫ জনের নথিপত্র দেখতে হয়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করতে হয়। জেলা পর্যায়ের কর্মকর্তা হিসেবে যদি একটি জেলায় সঠিকভাবে নির্দিষ্ট দায়িত্ব পালন করতে না পারেন, তবে কোনোভাবেই সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা বলা যাবে না।’