জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনা স্পিকারের রুলিং দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের কার্যক্রম নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) বক্তব্য এখতিয়ারবহির্ভূত মন্তব্য করে এ ব্যাপারে স্পিকারের রুলিং চেয়েছেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সাংসদেরা।

গতকাল বুধবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে উভয় দলের জ্যেষ্ঠ সাংসদেরা এ দাবি করেন। ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে এ আলোচনার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে উপস্থিত ছিলেন।

উভয় দলের সাংসদেরা টিআইবির বক্তব্যে সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেন। তাঁরা টিআইবি অর্থের উৎস, তাদের টাকায় জঙ্গি ও সন্ত্রাসীদের পেছনে ব্যয় হয় কি না তা-ও তদন্তেরও দাবি জানান।

অধিবেশনের সভাপতির দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার ফজলে রাব্বী আলোচনার ফাঁকে বলেন, জাতীয় সংসদ নিয়ে টিআইবির বক্তব্য দুর্ভাগ্যজনক। সংসদের কাজ সংবিধান সমুন্নত রাখা। সংসদ সেই কাজটি করবে।

আলোচনার সূত্রপাত করে শেখ সেলিম বলেন, খালেদার বক্তব্য আর টিআইবির বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য নেই। এটি একটি এনজিও। তারা দুর্নীতিবিরোধী সচেতনতার বিষয়ে কাজ করে। রাজনৈতিক বক্তব্য দেওয়া তাদের কাজ নয়। আর রাজনীতি করার খায়েশ থাকলে খালেদার ১৯ দলের সঙ্গে তারা ২০ দল হতে পারে। তখন দেখা যাবে, তাদের অবস্থান কোথায় যায়। তিনি বলেন, টিআইবি বলছে, এ সংসদ ক্ষণস্থায়ী। সংসদে বিরোধী দল নেই। দ্রুত নির্বাচন দিতে হবে। তাদের এই আজগুবি কথা কাদের খুশি করার জন্য? এখানে তো বিরোধীদলীয় নেত্রী বসে আছেন।

শেখ সেলিম বলেন, তথাকথিত সুশীল সমাজের টাকা কোথা থেকে আসে, তাদের আয় কীভাবে হয়, তারা কীভাবে বিলাসবহুল জীবন যাপন করেন—তার একটি প্রতিবেদন অর্থমন্ত্রীকে সংসদে উপস্থাপন করতে হবে। তিনি বলেন, বিএনপির পায়ের তলায় মাটি নেই। তাদের জন্য আবার নির্বাচন দিতে হবে? তারা উপদেশ দেয়। তারা উপদেশ দেওয়ার কে? শেখ সেলিম বলেন, পাঁচ বছর পর নাকে খত দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনে আসতে হবে।

পানিসম্পদমন্ত্রী ও জাতীয় পার্টির সাংসদ আনিসুল ইসলাম মাহমুদ বলেন, টিআইবি এই নির্বাচন চায়নি। তারা নির্বাচন স্থগিত চেয়েছিল। তারা চায় একটি বিশেষ দল ক্ষমতায় আসুক। তারা দেশে অরাজকতা চেয়েছিল। তিনি মাহমুদ বলেন, ‘টিআইবি স্বচ্ছতা চায় না। তারা চায় সহিংসতা। এটা আমরা মানতে পারি না। তাদের বক্তব্য সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। এ ব্যাপারে স্পিকারের রুলিং চাই।’

পানিসম্পদমন্ত্রী বলেন, ‘বিরোধী দল সরকারের অংশ। এটা আমাদের ভুলে গেলে হবে না। সরকারে থাকায় আমাদের সুযোগ আরও বেড়েছে। সরকার ভুল পথে গেলে মন্ত্রিসভার বৈঠকেও আমাদের বলার সুযোগ থাকবে। দলের পক্ষে কথা বলার জন্য আমাদের আরেকটি জায়গা হয়েছে। সংসদীয় গণতন্ত্রে বর্জনের স্থান নেই। প্রতিবাদ আছে।’

বিরোধী দলের হুইপ শওকত চৌধুরী বলেন, ‘সংসদে কাগজ ছুড়ে মারা, ফাইল ছুড়ে মারা, কোটি টাকা বেতন খেয়ে সংসদে না আসার বিরোধী দল আমরা দেখেছি। আমরা সেই বিরোধী দল নই। দেশ ও জনগণের বিরুদ্ধে কিছু করলে আমরা সরকারের সমালোচনা করব।’ তিনি বলেন, ‘বিরোধী দল মানে এই নয় যে কথায় কথায় সংসদ থেকে বেরিয়ে যাব। সরকার দেশের স্বার্থবিরোধী কিছু করলেই আমরা অধিবেশন থেকে বের হব।’