জাতীয় সংসদে অর্থবিল-২০১৬ পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যমান কর ও শুল্ক হারের পরিবর্তনের বিধান করে আজ বুধবার জাতীয় সংসদে অর্থবিল-২০১৬ সংশোধিত আকারে পাস করা হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিলটি পাসের প্রস্তাব করেন। ২ জুন বাজেট অধিবেশনে বিলটি উত্থাপন করা হয়েছিল।

বিলে ২০১৬ সালের ১ জুলাই থেকে শুরু অর্থবছরের জন্য আর্থিক বিধান-সংবলিত কর ও শুল্ক প্রস্তাবের জন্য কতিপয় আইন ও বিধানের সংশোধন করা হয়েছে। তা ছাড়া বিলে উল্লিখিত বিধানগুলো ২০১৬ সালের ১ জুলাই থেকে কার্যকর করারও বিধান করা হয়েছে। উত্থাপিত বিলের বিভিন্ন কর প্রস্তাবের ওপর মোট ১৮টি সংশোধনী গ্রহণ করা হয়।

সরকারি দলের গোলাম দস্তগীর গাজী, হুইপ শহীদুজ্জামান সরকার, মো. শাহাবুদ্দিন, মাহমুদ উস সামাদ চৌধুরী, জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ, ফখরুল ইমাম, মো. নুরুল ইসলাম ওমর, নুরুল ইসলাম মিলন, বেগম নূর-ই-হাসনা লিলি চৌধুরী, মো. মামুনুর রশীদ, স্বতন্ত্র সদস্য রুস্তম আলী ফরাজী বিলের ওপর জনমত যাচাই ও বাছাই কমিটিতে প্রেরণ এবং সংশোধনীর প্রস্তাব আনেন। জনমত যাচাই ও বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। তবে ১৮টি সংশোধনী গ্রহণ করা হয়।

এদিকে আজ সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সমাপনী বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সেখানে তিনি বলেন, এবারের বাজেট উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সক্ষম হবে। ২০১৬-১৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নের মাধ্যমে সব নাগরিকের সুখ-শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করে ২০২১ সালে মধ্যম আয় এবং ২০৪১ সালে সমৃদ্ধ দেশে পরিণত করার দিকে আরও এগিয়ে নিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

আবুল মাল আবদুল মুহিত সমাপনী বক্তৃতায় প্রস্তাবিত বাজেটের ওপর সংসদে এবং সংসদের বাইরে বিভিন্ন সমালোচনার জবাবে বলেন, এ সমালোচনা বাজেট সংস্কার ও বাস্তবায়নে সহায়ক হবে। তিনি বাজেট উচ্চাভিলাষী এবং বাস্তবায়নে সংশয় রয়েছে এমন সমালোচনার জবাবে বলেন, বিগত বছরগুলোতে দেশের অর্থনীতির শক্তি-সামর্থ্য এবং সরকারের চৌকস নেতৃত্বে সংশয়বাদীদের সব সংশয় অমূলক প্রমাণিত করে দেশ অনেক দূর এগিয়ে গেছে।

অর্থমন্ত্রী ২০১৬-১৭ অর্থবছরের জন্য জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ২ শতাংশ অর্জনের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারের বিগত বছরগুলোর অর্জনের ভিত্তিতেই ২০১৬-১৭ অর্থবছরে ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেটের প্রস্তাব করা হয়েছে। বাজেট বাস্তবায়নের লক্ষ্যে রাজস্ব আহরণ, ব্যয় ব্যবস্থাপনা, বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন, প্রয়োজনীয় জনবলের সমাহার ঘটানো ইত্যাদি বিষয়ে সরকারের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা রয়েছে।

শিক্ষা ও স্বাস্থ্য খাতে অতিরিক্ত বরাদ্দের দাবির বিষয়ে বলেন, এই দুটি খাতেই সরকার প্রতি বছর বরাদ্দ বাড়িয়েছে। যদিও জাতীয় আয়ের হিস্যা হিসেবে তা তেমন বাড়ছে না। তারপরও এ দুই খাতে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। কৃষি খাতে বরাদ্দ ১৫-১৬ অর্থবছরের তুলনায় প্রায় আড়াই গুণ বাড়ানো হয়েছে। এ খাতে ভর্তুকি বাবদ নয় হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

সমাপনী বক্তব্যে তিনি কর প্রস্তাবের ক্ষেত্রে কিছু খাতে পরিবর্তনের প্রস্তাব করেন। বিশেষ করে প্রধানমন্ত্রীর প্রস্তাবিত বিষয়গুলো গ্রহণ করেন। এ ক্ষেত্রে তিনি পোশাকশিল্পে উৎসে কর চলতি অর্থবছরের শূন্য দশমিক ৬০ শতাংশের স্থলে শূন্য দশমিক ৭০ শতাংশ করার প্রস্তাব করেন। এ ছাড়া তথ্যপ্রযুক্তি স্থাপন খাতে প্রস্তাবিত ১৫ শতাংশ কর অব্যাহতি প্রদান করেন। ডালসহ ভোগ্যপণ্য আমদানি খাতে শুল্ক রেয়াত অব্যাহত রাখার ঘোষণা দেন। সিগারেটের ক্ষেত্রে উৎসে কর বর্তমান হার বহাল রাখার ঘোষণা দেন।

এ ছাড়া মেডিকেল সেবা খাতসহ আরও বেশ কিছু খাতে প্রস্তাবিত বাজেটে দেওয়া কর প্রস্তাব সংশোধন করার ঘোষণা দেন। এ সবের প্রতিফলন আজ পাস হওয়া অর্থবিলে ঘটানো হয়েছে। অর্থাৎ অর্থবিল ২০১৬ পাসের মাধ্যমে অর্থমন্ত্রীর কর প্রস্তাব সংশোধনীগুলো অনুমোদন করা হয়।