দেশের সব রাজনৈতিক দলের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত প্রতিটি কমিটি, সাব-কমিটি ও সহযোগী সংগঠনের নীতিনির্ধারণী পর্যায়ে ৩৩ শতাংশ নারীকে মনোনয়ন দেওয়ার সুপারিশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। এ ছাড়া জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের ব্যবস্থা এবং নারী আসনসংখ্যা এক-তৃতীয়াংশ করে চলতি অধিবেশনেই এ-সংক্রান্ত বিল উত্থাপনের দাবি জানানো হয়েছে।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল মঙ্গলবার মহিলা পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় সরকারের কাছে এসব সুপারিশ করা হয়েছে। সভায় মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, দেশে নারীর ক্ষমতায়নে যথেষ্ট অগ্রগতি হলেও এখনো অনেক জায়গায় নারীর প্রান্তিক অবস্থান রয়ে গেছে। প্রধানমন্ত্রী, বর্তমান ও সাবেক বিরোধীদলীয় নেতা, স্পিকার নারী হলেও জাতীয় সংসদ ও রাজনৈতিক দলগুলোর নীতিনির্ধারণী পর্যায়ে নারীর অবস্থান এখনো প্রান্তিক। সংসদে এখনো নারী ককাস বলে কিছু নেই। তিনি দাবি করেন, রাষ্ট্রের নিরাপত্তাজনিত কিছু বিষয় ছাড়া বাকি সব বিষয়ে নারী-পুরুষনির্বিশেষে সংসদে ভিন্নমত প্রকাশের সুযোগ দিতে হবে।
ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম বলেন, তিনি মহিলা পরিষদের দাবির সঙ্গে সম্পূর্ণ একমত। নারীর ক্ষমতায়ন যতটা না নিজের জন্য, তার চেয়ে বেশি সমাজের জন্য দরকার। বর্তমানে যাঁরা নারী সাংসদ আছেন, তাঁরা নারীর ক্ষমতায়নের জন্য কোনো অবদান রাখছেন না। এই ৫০ জন সাংসদ যেন সমষ্টিগতভাবে নারীদের পক্ষে কথা বলেন, সে জন্য তাঁদের ওপর চাপ সৃষ্টি ও উদ্বুদ্ধ করতে হবে। এ ছাড়া নারীর ক্ষমতায়নের দাবি-দাওয়া ও আন্দোলন ফেসবুক, টুইটার বা অনলাইন মাধ্যমে প্রচার করে সামাজিক গতিশীলতা বাড়ানো যেতে পারে।
মাহফুজ আনাম বলেন, রাজনৈতিক দলগুলো এখনো মনে করে, নারীদের দাবি-দাওয়া অগ্রাহ্য করলে রাজনৈতিকভাবে তার কোনো ক্ষতি হবে না। এ জন্য রাজনৈতিক দলগুলোর কাছে এ ধরনের বার্তা পৌঁছাতে হবে, যাতে তারা নারীদের অগ্রাহ্য করার সুযোগ না পায়। এ জন্য নিজেদের ‘ভোটিং ব্লক’ হিসেবে নারীদের তৈরি করতে হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল মান্নান বলেন, এখনো অনেক নারী নিজের ইচ্ছামতো ভোট দিতে পারেন না। অনেক জায়গায় নারীরা ভোটকেন্দ্রে যেতে পারেন না। দেশের সর্বত্র নারীদের ভোটকেন্দ্রে যাওয়া নিশ্চিত করতে হবে।
সভায় মহিলা পরিষদের লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনটির প্রোগ্রাম ডিরেক্টর (অ্যাডভোকেসি অ্যান্ড লবি) জনা গোস্বামী। এতে বলা হয়, নারী সাংসদদের সুনির্দিষ্ট দায়িত্ব পালনের জন্য এলাকা ও অর্থ বরাদ্দ রাখতে হবে। প্রশাসনিক কাঠামোর সর্বস্তরে, দূতাবাসগুলোতে, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পরিকল্পনা কমিশনসহ সব পর্যায়ে নারীর অংশগ্রহণ বাড়ানোসহ সরকারী বিধি অনুসারে কোটা পূরণের বিশেষ উদ্যোগ নিতে হবে।
মতবিনিময়ে শুভেচ্ছা বক্তব্য দেন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ। আলোচনা করেন জাতীয় মহিলা সমিতির সভাপতি মাজেদা শওকত আলী, জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজ হক, উইমেন ফর উইমেনের রাশেদা আখতার খানম প্রমুখ।