জাতীয় সংসদে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্বের দাবি
স্থানীয় সরকারের সর্বস্তরসহ জাতীয় সংসদে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানিয়েছে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন বাংলাদেশ ভিস্যুয়েলি ইম্পেয়ার্ড পিপলস সোসাইটি (ভিপস)।
গতকাল শনিবার এ সংগঠনের আয়োজনে এক কর্মশালায় এ দাবি জানানো হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক সংগঠন সাইটসেভার্সের সহায়তায় রাজধানীর দ্য ডেইলি স্টার কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া প্রতিবন্ধী ব্যক্তিদের রাজনীতিতে এগিয়ে আসার জন্য আহ্বান জানান। আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক নাজমা আরা বেগম মূল বক্তব্য উপস্থাপন করেন। স্থানীয় সরকারের সর্বস্তরে এবং জাতীয় সংসদে আনুপাতিক হারে আসন সংরক্ষণ করার দাবি জানান তিনি।
কর্মশালায় প্রতিবন্ধী নাগরিকের রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে নিবন্ধিত রাজনৈতিক দলের সব কমিটি ও সর্বস্তরে কোটা সংরক্ষণসহ বিভিন্ন দাবি তোলা হয়েছে।