জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ বলেছেন, জাতীয় সংসদের সদস্যদের ৮০ ভাগ শিল্পপতি ও ব্যবসায়ী। আইনজীবী ও রাজনীতিবিদের সংখ্যা কম। যেখানে আইন তৈরি হয় সেখানে আইনপ্রণেতারা না থাকলে সংসদ চলবে কীভাবে এবং সংসদ কার্যকরই হবে কীভাবে? কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্মিত সৈয়দ নজরুল ইসলাম ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে গতকাল মঙ্গলবার বিকেলে তিনি এসব কথা বলেন। এতে জেলা বারের সভাপতি শাহ আজিজুল হক সভাপতিত্ব করেন।স্পিকার তাঁর বক্তব্যে বলেন, নির্বাচনে পয়সার জোরে শিল্পপতি ও ব্যবসায়ীরা জয়ী হন। এ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।এর আগে সকালে স্পিকার জেলা শিল্পকলা একাডেমীতে গরিব মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে যোগ দেন। এতে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক মো. জিল্লুর রহমান। বক্তব্য দেন জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. আনিছুজ্জামান, পুলিশ সুপার মীর রেজাউল আলম প্রমুখ।স্পিকার আবদুল হামিদ বলেছেন, শুধু মেধাবী ছাত্র হলেই চলবে না। মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে সততার সঙ্গে কাজ করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে দেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলার দায়িত্ব নিতে হবে। এ ছাড়া এ দেশের সাধারণ খেটে খাওয়া মানুষের অধিকার নিশ্চিতের দায়িত্ব নিতে হবে। স্পিকার বলেন, ‘ছাত্রজীবনে কখনো ভালো ফল করতে পারিনি। এসএসসি থেকে স্নাতক পর্যন্ত তৃতীয় শ্রেণী পেয়েছি। কিন্তু জীবনে অসততা ও দুর্নীতিকে চরমভাবে ঘৃণা করেছি। রাজনীতিতে সততা ও জনগণের প্রতিশ্রুতি ছিল বলেই তৃতীয় শ্রেণী পেয়েও আজ স্পিকার।’ শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা যারা মেধাবী হিসেবে উপস্থিত তারা সবাই আমার চেয়ে মেধাবী হবে। আমি স্পিকার হতে পারি, তবে তোমরা আমার চেয়ে অনেক বড় কিছু করতে পারবে।’পরে স্পিকার আবদুল হামিদ এসএসসি, এইচএসসির ৩১৯ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে পাঁচ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা শিক্ষাবৃত্তি ও সনদ বিতরণ করেন।