জাতীয় সংসদের অধিবেশন আজ
দশম জাতীয় সংসদের দশম অধিবেশন আজ রোববার বিকেল পাঁচটায় শুরু হচ্ছে। অধিবেশন কত দিন চলবে, তা আজ বিকেলে অনুষ্ঠেয় সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে ঠিক করা হবে।
সংসদ সচিবালয়ের শীর্ষ কর্মকর্তারা জানান, জুন থেকে বাজেট অধিবেশন বসবে। সে কারণে এই অধিবেশন সংক্ষিপ্ত হবে বলে ধারণা করা হচ্ছে। সংবিধানের বিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরের অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। এই নিয়ম রক্ষার জন্য এ অধিবেশন ডাকা হয়েছে।
গত ৩০ মার্চ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেন। এর আগে ২৯ ফেব্রুয়ারি শেষ হয় সংসদের নবম অধিবেশন। ওই অধিবেশন শুরু হয়েছিল ২০ জানুয়ারি।
সংসদ সচিবালয় থেকে জানা যায়, বৃহস্পতিবার পর্যন্ত চারটি বিল সংসদ সচিবালয়ে জমা পড়েছে। বিলগুলো হলো বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বিল ২০১৬, বাংলাদেশ ইপিজেড শ্রম বিল ২০১৬, পাট বিল ২০১৬ ও চা বিল ২০১৬। এর বাইরে নবম অধিবেশন পর্যন্ত ২৫টি বিল পাসের অপেক্ষায় রয়েছে।