জাতীয় সংসদের আটটি স্থায়ী কমিটি পুনর্গঠন
নবম জাতীয় সংসদের আটটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। এগুলোর মধ্যে পদাধিকারবলে স্পিকার যেসব কমিটির সভাপতি সেগুলো এবং মন্ত্রণালয়-সম্পর্কিত পাঁচটি কমিটি রয়েছে।স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল মঙ্গলবার সংসদ অধিবেশনের শুরুতে এসব কমিটি পুনর্গঠন করা হয়। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় অধিবেশনে উপস্থিত ছিলেন।পুনর্গঠিত কমিটিগুলো হলো: পিটিশন কমিটি, বিশেষ অধিকার-সম্পর্কিত কমিটি, কার্যপ্রণালি বিধি-সম্পর্কিত কমিটি, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটি, পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটি, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটি, বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটি এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটি।শিরীন শারমিন চৌধুরীর আগে স্পিকার ছিলেন আবদুল হামিদ। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। ফলে পুনর্গঠনের ক্ষেত্রে স্পিকার পদাধিকারবলে যেসব কমিটির সভাপতি ছিলেন সেগুলোতে নতুন স্পিকার শিরীন শারমিন চৌধুরী সভাপতি হয়েছেন।শিরীন শারমিন চৌধুরী একটি এবং সংসদ নেতা শেখ হাসিনার পক্ষে চিফ হুইপ আব্দুস শহীদ বাকি কমিটিগুলো পুনর্গঠনের প্রস্তাব করেন। পরে এগুলো কণ্ঠভোটে পাস হয়।পিটিশন কমিটিতে পদাধিকারবলে স্পিকার শিরীন শারমিন সভাপতি এবং আলী আশরাফ ও বেনজীর আহমেদকে সদস্য করা হয়েছে। বিশেষ অধিকার কমিটির শূন্য আসনে চিফ হুইপ আব্দুস শহীদকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পদাধিকারবলে এই কমিটির সভাপতি স্পিকার। কার্যপ্রণালি বিধি কমিটিতে সরকারি দলের জ্যেষ্ঠ সদস্য আমির হোসেন আমুকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ কমিটির সাবেক সদস্য শিরীন শারমিন চৌধুরী স্পিকার হিসেবে সভাপতি হয়েছেন।তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটিতে ওয়ারেসাত হোসেন বেলাল ও ইসরাফিল আলমকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির সাবেক সভাপতি মেহের আফরোজ প্রতিমন্ত্রী হওয়ায় এ কমিটি পুনর্গঠন করা হয়। এ কমিটির সভাপতি হয়েছেন সংরক্ষিত আসনের সাংসদ ফজিলাতুন নেসা ইন্দিরা। পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটিতে সদস্য হিসেবে নসরুল হামিদ ও জাহিদ মালেককে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটিতে সদস্য হিসেবে আলী আসগর এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটিতে আমানুর রহমানকে অন্তর্ভুক্ত করা হয়েছে।