বাংলাদেশ মহিলা পরিষদ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন এক-তৃতীয়াংশ বৃদ্ধি বা ১০০টি করার দাবি করেছে। এ জন্য আজ বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সংসদের চলতি অধিবেশনে সংবিধান সংশোধনের দাবিও করেছে পরিষদ। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে পরিষদের পক্ষ থেকে এ দাবি করা হয়। সম্মেলনে রাষ্ট্রধর্মবিষয়ক পঞ্চম ও অষ্টম সংশোধনী বাতিল করে ’৭২-এর সংবিধানের মূলনীতিকে পুনর্বহাল করা, পঞ্চদশ সংশোধনী পুনরায় সংশোধন এবং সংবিধানে আদিবাসীদের স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়।সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পাঠ করেন পরিষদের আন্দোলনবিষয়ক সম্পাদক রেখা চৌধুরী। তিনি বলেন, গত ৩০ জুন জাতীয় সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে নারীর জন্য সংরক্ষিত আসনসংখ্যা ৪৫ থেকে বাড়িয়ে ৫০টি করা হয়েছে। কিন্তু সরাসরি নির্বাচনের বিষয়টি উপেক্ষা করা হয়েছে। এভাবে আসন বাড়িয়ে কোনো লাভ নেই।সংবাদ সম্মেলনে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের ৪৫ জন নারী সাংসদ হচ্ছেন দলের ‘বোনাস’। এ ধরনের বোনাস হতে চায় না নারীসমাজ। আয়শা খানম বলেন, ‘সংরক্ষিত আসনের নারী সাংসদেরা বিভিন্ন সমস্যার মধ্যে আছেন। আসনসংখ্যা বাড়ানোর পাশাপাশি সরাসরি নির্বাচনের কোনো বিকল্প নেই। মহিলা পরিষদ নারী আসনসংখ্যা এক-তৃতীয়াংশ বৃদ্ধি এবং এই নারী আসনে সরাসরি নির্বাচনের দাবি জানিয়ে আসছে দীর্ঘদিন থেকে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আমরা অপেক্ষা করেছি। কোনো ফল না পেয়ে আমরা ক্ষুব্ধ, দুঃখিত।’সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদ রেহানা বেগম।