জাতীয় সংস্থা গঠন করে কয়লার ব্যবহার নিশ্চিত করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়লাখনি থেকে কয়লা তোলার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে সঠিক বলে অভিহিত করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। একই সঙ্গে একটি জাতীয় সংস্থা গঠন করে কয়লা সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে বিভিন্ন মেয়াদি পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন কমিটির নেতারা। গতকাল সোমবার জাতীয় কমিটির এক সভা শেষে এ প্রতিক্রিয়া জানানো হয়। কয়লা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে ওই সভার আয়োজন করা হয়।সভায় বলা হয়, প্রধানমন্ত্রীর ওই বক্তব্য কয়লা সম্পদ নিয়ে এশিয়া এনার্জিসহ বিদেশি লুটেরা এবং দেশীয় দুর্বৃত্ত ও সহযোগীদের অপতৎপরতার পরিপ্রেক্ষিতে সঠিক। ফুলবাড়ীর জনগণ জীবন দিয়ে এবং সারা দেশের মানুষ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে যে গণরায় দিয়েছে, প্রধানমন্ত্রীর বক্তব্যে তার আংশিক প্রতিফলন ঘটেছে। জনগণের স্বার্থে বাংলাদেশের কয়লা সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে উল্লেখ করে সভায় ফুলবাড়ী কয়লা প্রকল্প বাতিল, এশিয়া এনার্জিকে বহিষ্কারসহ কতিপয় দাবি পুনর্ব্যক্ত করা হয়।সভায় বলা হয়, গ্যাস সম্পদের অনুসন্ধান ও উত্তোলনে জাতীয় মালিকানা এবং রপ্তানি নিষিদ্ধ করে জাতীয় সংস্থাকে যথোপযুক্ত সুযোগ দিলে আগামী কয়েক দশকে বিদ্যুৎ-সংকট থাকার কথা নয়। এ জন্য কনোকোফিলিপসের সঙ্গে রপ্তানিমুখী চুক্তি এবং বিদ্যুৎকেন্দ্র নিয়ে বিভিন্ন আত্মঘাতী চুক্তি বাতিল করে সামগ্রিক জ্বালানিনীতির ভিত্তিতে অগ্রসর হতে হবে। সভায় জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, সদস্য সচিব আনু মুহাম্মদ, ম. ইনামুল হক, রুহিন হোসেন, বজলুর রশিদ ফিরোজ, রাগিব আহসান, জোনায়েদ সাকী প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।