‘সাংবিধানিক স্বীকৃতি সত্ত্বেও আমাদের সমাজে জনগণ এখনো নাগরিক হয়ে উঠতে পারেনি। তারা প্রজা হিসেবেই নিজেদের দেখছে এবং ক্ষমতাসীনেরাও তাদের প্রতি প্রজার মতো আচরণ করছে। ফলে বাংলাদেশে এখন একধরনের দাতা-গ্রহীতার সম্পর্ক বিরাজ করছে।’
কথাগুলো সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারের। গতকাল সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশে সমসাময়িক শাসনকার্যে আলোচিত ইস্যু’ শীর্ষক জাতীয় সেমিনারে নিজের প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন। তাঁর প্রবন্ধের শিরোনাম ছিল ‘রাজনৈতিক সংকটের টেকসই সমাধানের লক্ষ্যে জাতীয় সনদ’।
বদিউল আলম বলেন, ‘রাজনৈতিক পরিস্থিতি আপাতত শান্ত হলেও অনেকের মতে আমাদের রাজনৈতিক সংকটের অবসান ঘটেনি। অনেকের আশঙ্কা, এই সংকট ক্রমে ঘনীভূত হতে পারে এবং যেকোনো সময় সৃষ্টি হতে পারে চরম অস্থিতিশীল এক রাজনৈতিক পরিস্থিতির। এমন অস্থিতিশীল পরিস্থিতি আমাদের গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে দীর্ঘ মেয়াদে বাধা হতে পারে।’