জাতীয় সব মহাসড়ক চার লেনের হবে
দেশের সব জাতীয় মহাসড়ককে পর্যায়ক্রমে চার লেনের করা হবে। ইতিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে চার লেনে উন্নীত করতে ঠিকাদার নিয়োগ করা হয়েছে। ঢাকা-ময়নমনসিংহ মহাসড়ককে চার লেনে উন্নীত করার প্রস্তাব একনেকে অনুমোদিত হয়েছে।জাতীয় সংসদে গতকাল মঙ্গলবার প্রশ্নোত্তরপর্বে স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের এক প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এ কথা বলেন। প্রশ্নোত্তরপর্বের আগে বেলা সোয়া ১১টায় সংসদ অধিবেশন শুরু হয়। বাজেট আলোচনার সুবিধার্থে প্রশ্নোত্তরপর্ব গতকালও টেবিলে উপস্থাপিত হয়।যোগাযোগমন্ত্রী বলেন, সরকার দেশের সড়ক ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে কার্যকর পরিকল্পনা প্রণয়নসহ বাস্তবায়নের ব্যবস্থা নিয়েছে। এই পরিকল্পনার অংশ হিসেবে বর্তমান সরকার গত ১৭ মাসে ৪৩টি নতুন প্রকল্প অনুমোদন দিয়েছে। এতে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে পাঁচ হাজার ৭০০ কোটি টাকা।সরকারি দলের ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেন, বর্তমান সরকার বন্ধ থাকা সব পাটকল পর্যায়ক্রমে চালু করবে। পিপলস, কওমী ও দৌলতপুর পাটকল পুনরায় চালুর জন্য ইতিমধ্যে বিজেএমসি কাজ শুরু করেছে। প্রথম দফায় কওমী ও পিপলস জুট মিল আবার চালুর জন্য মিলের রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়েছে। তিনি বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ষড়যন্ত্রের মাধ্যমে এসব পাটকল বন্ধ করা হয়েছিল।