জাতীয় সম্পদ রক্ষায় ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। গতকাল বুধবার সংগঠনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের মধ্য দিয়ে তারা এই আহ্বান জানায়। একই সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টিকে বহিষ্কার এবং জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহীর শাস্তির দাবিতে কুশপুত্তলিকা দাহ করেছে সংগঠনটি।‘জাতীয় সম্পদ রক্ষায় জোরদার ছাত্র আন্দোলন গড়ে তুলুন’—এই স্লোগান সামনে রেখে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুরে মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি। এ সময় সংগঠনের নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান-সংবলিত ফেস্টুন বহন করেন। বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের মূল সড়কগুলো প্রদক্ষিণ শেষে অপরাজেয় বাংলার পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ করে।সমাবেশে বক্তারা বলেন, জাতীয় সম্পদ পাচারের উদ্যোগ, সমুদ্রসীমা দখল ও বন্দর ইজারা দেওয়ার কারণে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে। আর এসব কাণ্ড ঘটাচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদের মদদপুষ্ট বিভিন্ন বহুজাতিক কোম্পানি। উইকিলিকস ওয়েবসাইটের উদ্ধৃতি দিয়ে তাঁরা বলেন, এসব কাজে প্রত্যক্ষভাবে মদদ দিচ্ছেন মার্কিন রাষ্ট্রদূত ও জ্বালানি উপদেষ্টা। তাই জ্বালানি উপদেষ্টার উপযুক্ত শাস্তি এবং বাংলাদেশ থেকে এই মার্কিন রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে হবে।