জাতীয় সম্পদ রপ্তানি নিষিদ্ধকরণ আইনের দাবিতে সমাবেশ
জাতীয় সংসদে তেল-গ্যাসসহ খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধকরণ আইন পাসসহ সাত দফা দাবিতে গতকাল বৃহস্পতিবার অবস্থান কর্মসূচি ও সমাবেশ করেছে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি নারায়ণগঞ্জ জেলা শাখা। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তারা বলেন, কুইক রেন্টাল পদ্ধতিতে উচ্চমূল্যে বিদ্যুৎ উৎপাদনের সরকারি সিদ্ধান্ত জনস্বার্থবিরোধী। এতে সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তি লাভবান হলেও জনগণকে এর উচ্চমূল্য দিতে হচ্ছে। তাঁরা বলেন, বিদেশি বহুজাতিক কোম্পানির কাছে তেল, গ্যাস ও কয়লাখনি ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্ত সংবিধানেরও সুস্পষ্ট লঙ্ঘন। কমিটির নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক রফিউর রাব্বির সভাপতিত্বে এ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন: দুলাল সাহা, আবদুর রহমান, আওলাদ হোসেন, নিখিল দাস, হিমাংশু সাহা, তরিকুল ইসলাম, হাফিজুল ইসলাম, আবু নাইম খান, হাফিজুর রহমান ও অঞ্জন দাস।সমাবেশ থেকে পিএসসি ২০০৮ ও পিএসসি ২০১১ চুক্তি বাতিলসহ গ্যাস ও বিদ্যুৎ-সংকট নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।