জাতীয় সম্পদের ওপর জনগণের কর্তৃত্ব প্রতিষ্ঠা নিশ্চিত করতে হবে
তেল-গ্যাস-পানিসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মো. শহীদুল্লাহ্ বলেছেন, মক্তিযুদ্ধের চেতনায় বর্তমান সময়ে দেশের মানুষ যেমন যুদ্ধাপরাধীদের বিচার দাবি করে, তেমনি জাতীয় সম্পদের ওপর জনগণ তাদের কর্তৃত্ব নিশ্চিত করতে চায়। গতকাল দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের দিনাজপুর জেলা কমিটির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তেল-গ্যাস-পানিসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবুর সভাপতিত্বে সভায় সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, ‘ফুলবাড়ী বা বড়পুকুরিয়া—দেশের কোনো স্থানেই উন্মুক্ত পদ্ধতিতে কয়লাখনি দেশের মানুষ মেনে নেবে না। কারণ আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ হলো মাটির নিচে বিশাল পানির ভান্ডার, যার কারণে দেশজুড়ে সারা বছর নানা ধরনের ফসলের চাষ হয়। আর উন্মুক্ত পদ্ধতিতে কয়লাখনি বাস্তবায়ন করলে সেই পানির স্তর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।’অন্যান্যের মধ্যে বক্তব্য দেন তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির নির্বাহী সদস্য রুহিন হোসেন, শহীদুল হক, দিনাজপুর জেলা কমিটির সদস্য সচিব মোশাররফ হোসেন, বীরগঞ্জ কমিটির আহ্বায়ক আবদুল হক, খানসামা কমিটির আবদুল জব্বার, পার্বতীপুরের মোজাম্মেল হোসেন, ফুলবাড়ী উপজেলার মাহমুদ হাসান, কাহারোল উপজেলার কামরুজ্জামান প্রমুখ। সংগঠনের দিনাজপুরের ১৩টি উপজেলার নেতারা অংশ নেন।