জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা শুরু
বর্ণাঢ্য আয়োজনে গতকাল শনিবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হয়েছে ৪১তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা। প্রতিযোগিতার উদ্বোধন করতে গিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ক্রীড়া শিক্ষার অবিচ্ছেদ্য অংশ। তাই পাঠ্যবইয়ের পাশাপাশি শারীরিক, মানসিক ও সাংস্কৃতিক বিকাশ দরকার।বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ৪২৪ জন ছাত্রছাত্রীর অংশগ্রহণে পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতা উপলক্ষে স্টেডিয়াম সজ্জিত করা হয় বর্ণিল সাজে। বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা শারীরিক কসরত ও মার্চপাস্টের মধ্য দিয়ে অতিথিদের স্বাগত জানায়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সাংসদ নুরুল ইসলাম বিএসসি। এ ছাড়া শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, যুগ্ম সচিব এ এস মাহমুদ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন, চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল ইসলাম, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মাহমুদুল ইসলাম চৌধুরী প্রমুখ বক্তব্য দেন। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, বর্তমান সরকার একটি যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়ন করেছে। এর মূল উদ্দেশ্য বর্তমান প্রজন্মকে আধুনিক যুগের সঙ্গে জ্ঞান-বিজ্ঞান, সততা, নিষ্ঠা ও দেশপ্রেমে উজ্জীবিত নাগরিক হিসেবে গড়ে তোলা। তাই বইবদ্ধ পড়ার পাশাপাশি ছেলে মেয়েদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য শীত ও গ্রীষ্মকালীন প্রতিযোগিতার এই আয়োজন। শেষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রীরা বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ওপর, রাঙামাটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা জুম চাষের ওপর এবং ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা চট্টগ্রামের আঞ্চলিক সংস্কৃতির ওপর ডিসপ্লে প্রদর্শন করে।