জাতীয় স্বার্থ সমুন্নত রাখুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদ পরিবেশনে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তিনি সংবাদ ও মতামত পরিবেশনে দেশ ও জনগণের প্রতি জবাবদিহি থাকারও আহ্বান জানান।

আজ রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বজলুর রহমান স্মৃতি পদক ২০১৬ বিতরণ অনুষ্ঠানে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

আবদুল হামিদ বলেন, ‘মত প্রকাশে গণমাধ্যম এখন পুরোপুরি স্বাধীন। তাই আপনাদের সতর্ক থাকতে হবে, যাতে বহিরাগতরা হস্তক্ষেপ করতে না পারে। এ জন্য আপনাদের কিছু কিছু ক্ষেত্রে সেলফ সেন্সরশিপ প্রয়োগ করতে হবে।’ তথ্যের অবাধ প্রবাহ ও বিকাশে গণমাধ্যমের ভূমিকা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, সরকার এ ব্যাপারে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, দেশের কষ্টার্জিত গণতন্ত্র ও মানবাধিকারের বিকাশে সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ার বিরাট দায়িত্ব রয়েছে। রাষ্ট্রপতি হামিদ যেকোনো সংবাদের ব্যাপারে গুণগত মান ও বস্তুনিষ্ঠতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, গঠনমূলক সমালোচনার মাধ্যমে গণমাধ্যম সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে দেশ চালাতে সরকারকে সহায়তা করতে পারে।

গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘গণমাধ্যম ও গণতন্ত্র আন্তঃসম্পর্কিত। গণতন্ত্র ছাড়া মানবাধিকার প্রতিষ্ঠা করা যায় না। দেশে গণতন্ত্র বিকশিত হলেই গণমাধ্যম সম্প্রসারিত হয়।’ মুক্তিযুদ্ধের অজানা ইতিহাস তুলে ধরার ক্ষেত্রে সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকার প্রশংসা করে ভবিষ্যতেও এ কাজ চালিয়ে যেতে বজলুর রহমান স্মৃতি পদক সাংবাদিকদের উৎসাহিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

দৈনিক সংবাদের সম্পাদক এবং কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর প্রয়াত স্বামী বজলুর রহমানের অবদানের কথা স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, বজলু ভাই ছিলেন একজন সৎ ও সাহসী সাংবাদিক। গণমানুষের অধিকার এবং অসাম্প্রদায়িক ও ন্যায়নিষ্ঠ সমাজ প্রতিষ্ঠায় তিনি সারা জীবন লড়াই করে গেছেন।

এ বছর মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিবেদনের জন্য দৈনিক সমকালের ওয়াকিল আহমেদ হিরণ এবং যমুনা টেলিভিশনের উপসম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন আহমেদ বজলুর রহমান স্মৃতি পদক পেয়েছেন। পদক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে মন্ত্রী, সাংসদ, রাজনৈতিক নেতা এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারোয়ার আলী, জিয়াউদ্দিন তারিক আলী, জুরিবোর্ডের সদস্য ফরিদুর রেজা সাগর এবং রোবায়েত ফেরদৌসও অনুষ্ঠানে বক্তৃতা করেন।