জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধবিষয়ক সাংবাদিকতার জন্য ‘বজলুর রহমান স্মৃতিপদক ২০১৬’ দেওয়া হয়েছে গতকাল। ওসমানী স্মৃতি মিলনায়তনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ l ছবি: ফোকাস বাংলা
মুক্তিযুদ্ধবিষয়ক সাংবাদিকতার জন্য ‘বজলুর রহমান স্মৃতিপদক ২০১৬’ দেওয়া হয়েছে গতকাল। ওসমানী স্মৃতি মিলনায়তনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ l ছবি: ফোকাস বাংলা

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবাদ পরিবেশনে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি সংবাদ ও মতামত পরিবেশনে দেশ ও জনগণের প্রতি জবাবদিহি থাকারও আহ্বান জানান।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গতকাল রোববার বজলুর রহমান স্মৃতিপদক ২০১৬ বিতরণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। তিনি বলেন, ‘মতপ্রকাশে গণমাধ্যম এখন পুরোপুরি স্বাধীন। তাই সতর্ক থাকতে হবে, যাতে বহিরাগতরা হস্তক্ষেপ করতে না পারে। এ জন্য আপনাদের কিছু কিছু ক্ষেত্রে সেলফ সেন্সরশিপ প্রয়োগ করতে হবে।’ রাষ্ট্রপতি সংবাদের বস্তুনিষ্ঠতার ওপর গুরুত্বারোপ করে বলেন, গঠনমূলক সমালোচনার মাধ্যমে গণমাধ্যম সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে দেশ চালাতে সরকারকে সহায়তা করতে পারে।
দৈনিক সংবাদ-এর সম্পাদক এবং কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর প্রয়াত স্বামী বজলুর রহমানের অবদানের কথা স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, ‘বজলু ভাই ছিলেন সৎ ও সাহসী সাংবাদিক। গণ-মানুষের অধিকার এবং অসাম্প্রদায়িক ও ন্যায়নিষ্ঠ সমাজ প্রতিষ্ঠায় সারা জীবন লড়াই করে গেছেন।’ এ বছর মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিবেদনের জন্য দৈনিক সমকাল-এর ওয়াকিল আহমেদ হিরন এবং যমুনা টেলিভিশনের উপসম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন আহমেদ বজলুর রহমান স্মৃতিপদক পেয়েছেন। পদক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।