স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, শিগগিরই জাতীয় স্বাস্থ্যনীতি সংসদে তোলা হবে। এর আগে স্বাস্থ্যনীতি কেমন হওয়া দরকার—এ ব্যাপারে দেশের চিকিৎসক, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মতামত সংগ্রহের কাজ চলছে। গত মঙ্গলবার সকালে নবনির্মিত ৫০০ শয্যাবিশিষ্ট দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।স্বাস্থ্যমন্ত্রী বলেন, জুন মাসের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মেডিকেল কলেজ হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। ইতিমধ্যে হাসপাতালের সব ওয়ার্ড চালু হয়েছে। মেডিকেল কলেজের অনেক শিক্ষক ঢাকা, রাজশাহী, ময়মনসিংহে থাকেন এবং ঠিকমতো ক্লাস নেন না—এমন অভিযোগের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। এই হাসপাতালে মুক্তিযোদ্ধারা বিনা মূল্যে পথ্য, ওষুধ ও চিকিৎসাসেবা পাবেন বলে স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা দেন।